SA vs SL: শ্রীলঙ্কার লজ্জার নজির টেস্টে ১০০ বছরে প্রথম! প্রত্যাবর্তনে জানসেন বিধ্বংসী, অক্ষত কালিসের রেকর্ড
SA vs SL: ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে গুটিয়ে গিয়েছে। ফলে অঘটন না ঘটলে কিংসমিডে বড় জয় ছিনিয়ে নিতে চলেছে দক্ষিণ আফ্রিকা।
গত জানুয়ারিতে কেপ টাউনে ভারতের বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন মার্কো জানসেন। চলতি ডারবান টেস্টে দলে ফিরেই তিনি বিধ্বংসী মেজাজে। তুলে নিলেন ৭ উইকেট।

জানসেন এদিন ১টি মেডেন-সহ ৬.৫ ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নিলেন সাত উইকেট। নিশ্চিতভাবেই এটি তাঁর কেরিয়ারের সেরা বোলিং ফিগার। আজ এই পারফরম্যান্সের সৌজন্যে টেস্টে ৫০ উইকেটের মাইলস্টোনও পেরিয়ে গেলেন জানসেন।
জানসেন পঞ্চম উইকেটটি দখল করেন ষষ্ঠ ওভারের শেষ বলে। ওই ওভার শুরুর আগে তিনি ৫ ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন। পরের চারটি উইকেট তুললেন কোনও রান না দিয়েই। নিজের ষষ্ঠ ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে তুলে নেন চতুর্থ ও পঞ্চম উইকেট।
পরের ওভার করতে গিয়ে তিনি তৃতীয় ও পঞ্চম বলে বাকি দুটি উইকেট তুলে নিলেন। জানসেন এদিন পঞ্চম উইকেটটি পেলেন ৩০টি বল করার পর। ফলে ভাঙতে পারলেন না জ্যাক কালিসের রেকর্ড। কোনও টেস্টে পাঁচ উইকেট তুলতে সবচেয়ে কম বল লেগেছিল জ্যাক কালিসের।
তিনি ১২ বলের মধ্যে পাঁচ উইকেট নিয়েছিলেন পচেফস্ট্রুমে বাংলাদেশের বিরুদ্ধে ২০০২ সালে। কালিস ১টি মেডেন-সহ ৪.৩ ওভারে ২১ রান দিয়ে পাঁচ উইকেট নেন। তার আগে ঢাকায় পাকিস্তানের ওয়াকার ইউনিস বাংলাদেশের বিরুদ্ধে ৫৫ রান দিয়ে ছয় উইকেট নেন। তবে কোনও রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন ১৩টি বলের মধ্যে।
১৯৫৬ সালে জিম লেকার অযাশেজ টেস্টে ৩৭ রানে ৯ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচেও তিনি একটি স্পেলে পাঁচ উইকেট নেন কোনও রান না দিয়ে, ১৩টি বলের মধ্যে। বোলিং স্পেল শুরুর পর দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার নজির যুগ্মভাবে রয়েছে অস্ট্রেলিয়ার আর্নি তোশাক ও ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের।
তোশাক ১৯৪৭-৪৮ মরশুমে ব্রিসবেন টেস্টে ভারতের বিরুদ্ধে ১৯ বলের মধ্যে পাঁচ উইকেট ঝুলিতে পুরেছিলেন। ২০১৫ সালে ট্রেন্ট ব্রিজে সেই নজির স্পর্শ করেন ব্রড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০২১ সালে দিন-রাতের টেস্টে ভারতের বিরুদ্ধে জো রুটের বোলিং ফিগার ছিল ৬.২ ওভার তিন মেডেন ৮ রান ৫ উইকেট।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার ৪২ রানে অল-আউট হয়ে যাওয়া দলগত দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার নজির রয়েছে ভারতের। ২০২০ সালে অ্যাডিলেড টেস্টে ভারতের সকলে আউট হয়ে যান ৩৬ রানে। চলতি বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে ভারত করে ৪৬।
শ্রীলঙ্কার ইনিংস আজ শেষ হলো মাত্র ৮৩ বলে। ১০০ বছরের টেস্ট ইতিহাসে এমন নজির নেই। ১৯২৪ সালে জুনে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে অল-আউট হয়েছিল ৭৫ বলে। ফলে সবচেয়ে কম বলে টেস্ট ইনিংসে গুটিয়ে যাওয়ার নিরিখে শ্রীলঙ্কার এদিনের নজির রইল দ্বিতীয় স্থানে।
ডারবানে ১৯৯৬ সালে ভারতের ৬৬ রানে গুটিয়ে যাওয়াই টেস্টে ছিল দলগত সর্বনিম্ন স্কোর। সেই নজির ভাঙল শ্রীলঙ্কা। টেস্টে শ্রীলঙ্কা এদিন দলগত সর্বনিম্ন স্কোর খাড়া করল। এর আগে, ১৯৯৪ সালে ক্যান্ডিতে তারা পাকিস্তানের বিরুদ্ধে ৭১ রানে গুটিয়ে গিয়েছিল।












Click it and Unblock the Notifications