SA vs IND: ১১ বল, শূন্য রান, ৬ উইকেট! প্রোটিয়াদের প্রত্যাঘাতে ভারতের লিড ১০০ পার করল না
SA vs IND: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে আচমকাই ভারতের ব্যাটিং লাইন-আপে ধস। ১১ বলের মধ্যে কোনও রান যোগ হলো না। পড়ে গেল ৬ উইকেট। যার জেরে ভারতের লিডও ১০০ পার করল না।
দক্ষিণ আফ্রিকা টস জিতে ব্যাট করতে নেমে ৫৫ রান করেছিল। জবাবে চা বিরতিতে ভারতের স্কোর ছিল ২৪ ওভারে ৪ উইকেটে ১১১। এরপর ১৫৩ রানের মাথাতেই পড়ল ৬ উইকেট। ৩৩.১ ওভারে লোকেশ রাহুল ফেরার পর ধস নামে। ভারতের ইনিংস ৩৪.৫ ওভারে গুটিয়ে যায় ১৫৩ রানে।

ভারতের পাঁচ থেকে একাদশ ব্যাটারের রান পরপর সাজালে দাঁড়াচ্ছে ০৮০০০০০। ওপেনার যশস্বী জয়সওয়াল শূন্য রানে আউট হয়েছিলেন। ফলে ভারতের মোট সাতজন ব্যাটার খাতাই খুলতে পারলেন না। একমাত্র মুকেশ কুমার কোনও বল না খেলে শূন্য রানে অপরাজিত থাকেন।
ভারতের চতুর্থ উইকেট পড়েছিল ১১০ রানে। তারপর বিরাট কোহলি ও লোকেশ রাহুল ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বাড়ছিল লিড। কিন্তু রাহুল ফেরার পরই বিপত্তি। ৩৩ বলে ৮ রান করে রাহুল আউট হন লুঙ্গি এনগিডির বলে। ৩৩.১ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৫৩। এরপর ভারতের স্কোরকার্ডে আর কোনও রান যোগ হয়নি।
৩৪তম ওভারে প্রথম বলে রাহুলকে ফেরানোর পর তৃতীয় বলে রবীন্দ্র জাদেজা (২ বলে ০) ও পঞ্চম বলে জসপ্রীত বুমরাহ (২ বলে ০) এনগিডির শিকার হন। এই ওভারটি মেডেন হয়, পড়ে তিন উইকেট। ৩৫তম ওভারে ভারত আরও তিন উইকেট হারায়। ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে বিরাট কোহলি ৫৯ বলে ৪৬ রান করে কাগিসো রাবাডার শিকার হন।
এই ওভারের চতুর্থ বলটিতে মহম্মদ সিরাজ রান আউট হন। তিনি ১ বল খেলে কোনও রান করতে পারেননি। ৩৪.৫ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ ৩ বলে ০ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। রোহিত শর্মা ৫০ বলে ৩৯ ও শুভমান গিল ৫৫ বলে ৩৬ রান করেছেন। ভারতের তিন ব্যাটার দুই অঙ্কের রান করেছেন। অতিরিক্ত ২৪ রান যোগ হয়েছে ভারতের স্কোরকার্ডে।
শূন্য রানে ভারতের ছয় ব্যাটার আউট হয়েছেন। যা টেস্টে কোনও ইনিংসে যুগ্ম সর্বাধিক। রাবাডা ২টি মেডেন-সহ ১১.৫ ওভারে ৩৮ রান খরচ করে তিনটি উইকেট দখল করেছেন। ১টি মেডেন-সহ ৬ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট এনগিডির। ২টি মেডেন-সহ ৮ ওভারে ৪২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নান্দ্রে বার্গার।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বলে প্রথম দুটি ইনিংস শেষ হওয়ার নিরিখে কেপ টাউন টেস্ট রইল দ্বিতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকা ও ভারতের মোট ২০ উইকেট পড়েছে ৩৪৯ বলে। ১৯০২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টের প্রথম দুটি ইনিংস শেষ হয়েছিল ২৮৭ বলে। তার পরেই রইল আজকের টেস্ট।












Click it and Unblock the Notifications