SA vs IND: সূর্যকুমারের স্বার্থত্যাগেই কাঙ্ক্ষিত শতরান, অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তিলক বর্মার
SA vs IND: তিলক বর্মা সেঞ্চুরিয়নে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এই নিয়ে ভারতের দ্বাদশ ব্যাটার টি২০ আন্তর্জাতিকে শতরান পেলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম ভারতীয় হিসেবে।
তৃতীয় টি২০ আন্তর্জাতিক জেতার ফলে একটি বিষয় নিশ্চিত হয়ে গিয়েছে যে, ভারতকে অন্তত এই সিরিজে হারতে হবে না। কাল সিরিজ জেতার লক্ষ্যেই জোহানেসবার্গে নামবেম সূর্যকুমার যাদবরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে টি২০ আন্তর্জাতিক শতরান হাঁকানো তিলকই হলেন ম্যাচের সেরা। তিনি তিনে নেমেছিলেন। তাতেই দীর্ঘদিনের স্বপ্নপূরণ। ভারত অধিনায়কের প্রতি এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন তাঁর মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ।
তিলক বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি চোটের কারণে কয়েকটি সিরিজে খেলতে পারিনি। বন্ধুরাও বলছিল, সিরিজগুলি মিস করায় ভারতীয় দলে ফেরাটা আমার পক্ষে কঠিন হবে। তবে ঈশ্বরের প্রতি বরাবর আস্থা ছিল। সে কারণে শতরানের পর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছি।
টি২০ আন্তর্জাতিকে প্রথম শতান তিলকের আন্তর্জাতিক কেরিয়ারেও প্রথম। শিবম দুবে চোট পেয়ে ছিটকে না গেলে বাংলাদেশ সিরিজে ডাক পেতেন না তিলক। তবে সেই সিরিজে সুযোগ পাননি। দক্ষিণ আফ্রিকায় চলতি সিরিজে প্রথম দুটি ম্যাচে চারে নামেন।
ডারবানে ১৮ বলে ৩৩ ও গকেবেরহায় ২০ বলে ২০ রান করেন। এরপর সূর্যকুমারের কাছে গিয়ে তিলক অনুরোধ করেছিলেন তিন নম্বরে নামানোর জন্য। সেখানে নেমেই তিনি স্বস্তিবোধ করেন। দলের হয়ে অবদান রাখার ইচ্ছাপ্রকাশ করেন তিলক।
এরপর মঙ্গলবারই সূর্য তিলককে বলেন, সেঞ্চুরিয়নে তিনি তিন নম্বরেই ব্যাট করবেন। তিলক যেভাবে তাঁর কাছে অনুরোধ করেছেন এবং ম্যাচে নেমে কথা রেখেছেন তাতে আপ্লুত সূর্য। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে সূর্য সেই ঘটনাতেই আলোকপাত করেছেন।
ভারত অধিনায়কের কথায়, কেউ ভালো কোনও ইনিংস খেললে তার পিছনের কথা অনেকেই মনে রাখেন না। তিলক এত কম বয়সে যে ভাবনার স্বচ্ছতা দেখিয়েছেন এবং আগ্রাসীভাবে ব্যাট করেছেন তা কম কথা নয়। আপাতত তিলকের জন্যই ভারতের টি২০ দলে তিন নম্বর জায়গা পাকা বলেও জানান সূর্য।
সূর্যকুমার যাদব তাঁর জন্য নিজের তিন নম্বর জায়গাটি ছেড়ে দিয়েছেন বলে কৃতজ্ঞ তিলক বর্মা। তিলক বলেন, উইকেট প্রথম দিকে সহজ ছিল না। ফলে বড় শট খেলার পরিস্থিতি ছিল না। সে কারণেই কিছুটা সময় নিই। দরকার ছিল একটা ভালো পার্টনারশিপ।
অভিষেকের সঙ্গে ১০৭ রানের পার্টনারশিপ তিলক গড়েন, ২ বলের মাথায় সঞ্জু স্যামসন আউট হওয়ার পর। পার্টনারশিপ নিয়ে কথা হয় হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিংদের সঙ্গেও। অভিষেক যখন ৫০ রানে আউট হন, তখন তিলক ২৭ বলে ৪৫ রানে অপরাজিত। পরের ৯ বলে করেন ১০।
সেই সময় ভারতের রান রেট ১০-এর নীচে নেমে এসেছিল। ১৫তম ওভারে কেশব মহারাজ বল করতে এলেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিলক। তারপর আর ফিরে তাকাতে হয়নি। ৫১ বলে শতরান পূর্ণ করে আকাশের দিকে তাকান তিলক, ডাগআউটের দিকে তাকিয়েও ইশারা করেন। অধিনায়ককে দেওয়া কথা রাখতে পেরে আপ্লুত তিনি।
তিলক আরও বলেন, অনুভূতি প্রকাশের ভাষা নেই। দেশের হয়ে শতরান করার স্বপ্ন দেখেছি। এই মুহূর্তের জন্য দীর্ঘ সময় অপেক্ষাও করেছি। চোট সারিয়ে ফিরে শতরান করতে পারার অনুভূতি অসাধারণ। সেলিব্রেশনটা ছিল সূর্যর জন্য। তিনিই আমাকে তিন নম্বর জায়গাটা ছেড়েছিলেন। তাঁকে বলেছিলাম তিনে নেমে পারফর্ম করব। সে কারণেই তাঁকে ইশারা করি শতরানের পর। সূর্যরও আস্থা ছিল তিলকের উপর। তিনি বলেন, তিলক যা বলেছেন তা করে দেখিয়েছেন। এর চেয়ে বড় আর কিছুই হতে পারে না।












Click it and Unblock the Notifications