SA vs IND: রোহিতের পুত্রকে দেখতে যাবেন ভারতীয় দলের আল্লু অর্জুন! সঞ্জু, তিলক ও সূর্যর জার্সিতে বিরল যোগসূত্র
SA vs IND: টি২০ বিশ্বকাপ জয়ের পর ভারত টানা চতুর্থ টি২০ সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকায়। বিদেশের মাটিতে টি২০ সিরিজ জয়ের হ্যাটট্রিকও হলো।
তারই মধ্যে ভারতীয় ড্রেসিংরুমে পৌঁছে গেল রোহিত শর্মার পুত্রসন্তানের জন্মের খবর। জোহানেসবার্গ থেকে রোহিতকে শুভেচ্ছা জানালেন ভারতীয় দলের তারকারা।

রোহিত ও রীতিকার কোলে এলো দ্বিতীয় সন্তান। পারথে প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর থেকে। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চেয়েছিলেন রোহিত। সে কারণে তাঁর অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে জল্পনা চলছিল। মনে করা হচ্ছে, এবার সব টেস্টেই খেলতে পারবেন ভারত অধিনায়ক।
ভারতীয় দল পারথে প্রস্তুতি ম্যাচ খেলছে। বেশিরভাগ ব্যাটারকেই পেস ও বাউন্স সহায়ক পিচে অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছে। রোহিত না গেলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে লোকেশ রাহুল বা অভিমন্যু ঈশ্বরণের মতো কাউকে ওপেন করতে পাঠাতে হতো।
তবে দুজনের কেউই ছন্দে নেই। রোহিত পারথ টেস্ট খেললে ভারতীয় দলের ওপেনিং নিয়ে চিন্তা কাটবে। ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী অবশ্য পরামর্শ দিয়েছেন, রোহিতের অনুপস্থিতিতে শুভমান গিলকে দিয়ে প্রয়োজনে ওপেন করানো যেতে পারে। তবে দেখতে হবে নেটে অভিমন্যু বা রাহুল কেমন খেলছেন।
গতকাল জোহানেসবার্গে শতরান করেছেন তিলক বর্মা ও সঞ্জু স্যামসন। বিসিসিআইয়ের ভিডিওয় দেখা গিয়েছে, এই তিনজনই রোহিতকে পুত্রসন্তানের জন্মের পর শুভেচ্ছা জানিয়েছেন। তিলক ও সূর্য রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থও।
তিলক বলেছেন, এই মুহূর্তটার অপেক্ষা করছিলাম। আর কয়েকটা দিন দেরি হলে আমিও রোহিতের পাশে থাকতে পারতাম। তবে দেশে ফিরেই সদ্যোজাতকে দেখতে যাবেন তিলক। সঞ্জুও বলেছেন, তিনি এই খবরে সুপার হ্যাপি।
জুনিয়র হিটম্যানের আবির্ভাবে সূর্যকুমার যাদব বলেছেন, আরেক ক্রিকেটার এসে গেল। তার জন্য ছোট আর্ম গার্ড, প্যাড রেডি রাখতে হবে। উল্লেখ্য, ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের দিনেই রোহিতের পুত্রের আগমন। প্রোটিয়াদের দেশে সিরিজ জিতে খুশির হাওয়া ভারতীয় ড্রেসিংরুমে।
সঞ্জু স্যামসন ও তিলক বর্মা চার ম্যাচের সিরিজে দুটি করে শতরান হাঁকিয়েছেন। তিলক গতকাল ম্যাচের সেরা ও সিরিজ সেরার পুরস্কার পেলেন। সঞ্জু খুশি নিজের পারফরম্যান্সে। তিলক কৃতিত্ব দিলেন সূর্যকুমার যাদবকেই।
তিলকের হেয়ার-স্টাইল নিয়ে চর্চা চলছে। সূর্যকুমার যাদব তিলকের কাছে জানতে চাইলেন আল্লু অর্জুনকে দেখেই এমন বড় চুল রাখার পরিকল্পনা করেছেন কিনা। মজা করে বললেন, তিলক কি পুষ্পা থ্রি-তে অভিনয় করবেন? উল্লেখ্য, তেলুগু ছবির জনপ্রিয় নায়ক আল্লু অর্জুন। তিলকও হায়দরাবাদের। তিলকের কথায়, অভিনয়ে নামার পরিকল্পনা নেই। আপাতত ব্যাট-বল নিয়ে কঠোর পরিশ্রম করাতেই যাবতীয় ফোকাস।
সঞ্জুর জার্সি নম্বর ৯, সূর্যর ৬৩, তিলকের ৭২। তিনজনের জার্সি নম্বরের যোগসূত্রের রহস্য অবশ্য পরে জানাবেন বলে জানালেন ভারত অধিনায়ক।












Click it and Unblock the Notifications