SA vs IND: কপিলের সঙ্গে দূরত্ব কমিয়ে শ্রীনাথকে ছুঁলেন বুমরাহ, কেপ টাউন টেস্টে ভারতের একাধিক নজির
SA vs IND: দেড় দিনেই শেষ কেপ টাউন টেস্ট। নিউল্যান্ডসে নিউ ইয়ার টেস্ট ভারত জিতে নিল ৭ উইকেটে। কেপ টাউনে প্রথমবার টেস্ট জয়ের সৌজন্যে সিরিজ ১-১ ড্র রাখতে সক্ষম হলো ভারত।
ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ সিরাজ। প্রথম ইনিংসে ১৫ রানে ৬ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৩১ রান খরচ করে ১ উইকেট নিয়ে। জসপ্রীত বুমরাহ ১২ উইকেট ও ডিন এলগার ২০১ রান করে সিরিজ সেরার পুরস্কার ভাগাভাগি করে নিলেন।

২০১৮ সালে কেপ টাউনেই টেস্ট অভিষেক হয়েছিল বুমরাহর। আজ সিরিজ সেরার পুরস্কার নিয়ে ভারতের ১ নম্বর পেসার বললেন, আমার হৃদয়ে এই মাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রথম টেস্ট খেলার স্মৃতি, এবারও এই টেস্ট আমার জন্য ভালো গিয়েছে। ২০১৮ সালে পথ চলা শুরু করেছিলাম, লক্ষ্য ছিল সব কন্ডিশনে প্রভাব ফেলার। এত তাড়াতাড়ি টেস্ট শেষ হবে না ভাবলেও সিরিজ জেতায় খুশি বুমরাহ।
এশিয়ার বাইরে ২৮টি টেস্টে ৮ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট দখল করলেন বুমরাহ। ভারতীয়দের মধ্যে তাঁর চেয়ে এই নিরিখে সামান্য এগিয়ে একমাত্র কপিল দেব। কপিল ৪৫টি টেস্টে এশিয়ার বাইরে ৯ বার ইনিংসে অন্তত পাঁচ উইকেট ঝুলিতে পুরেছেন। বুমরাহ টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিলেন ৯ বার, তার মধ্যে দক্ষিণ আফ্রিকাতেই তিনবার। এই নিরিখে জাভাগল শ্রীনাথকে স্পর্শ করলেন বুমরাহ।
ভারতীয় পেসাররা কোনও টেস্টে ৬টি করে উইকেট নিয়েছেন, সেটা হলো এই নিয়ে দ্বিতীয়বার। কেপ টাউন টেস্টে মহম্মদ সিরাজের পর ৬ উইকেট দখল করেন বুমরাহ। ২০১৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মা ৬টি করে উইকেট পেয়েছিলেন।
এই নিয়ে দ্বিতীয়বার ভারত কোনও টেস্ট জিতল যেখানে কোনও ভারতীয় ব্যাটার অর্ধশতরান করতে পারেননি। প্রথম ইনিংসে বিরাট কোহলি করেছিলেন ৪৬, সেটাই সর্বাধিক। ২০১৫ সালে নাগপুর টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ভারত ১২৪ রানে হারিয়েছিল। সেই টেস্টে মুরলী বিজয়ের ৪০ রান ছিল সর্বাধিক।
নিউল্যান্ডসে এই নিয়ে চতুর্থবার টেস্টের ফয়সালা হলো ২ দিনে। এর আগে ১৮৮৯ ও ১৮৯৬ সালের দক্ষিণ আফ্রিকা-ইংল্য়ান্ড টেস্ট ও ২০০৫ সালের দক্ষিণ আফ্রিকা-জিম্বাবোয়ে টেস্ট শেষ হয়েছিল ২ দিনে। নিউল্যান্ডস ছুঁল কেনিংটন ওভালকে, সেখানেও চারটি টেস্টের ফয়সালা হতে লেগেছিল ২ দিন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার এমন ঘটনা ঘটল যেখানে জয়ী দলের কোনও ব্যাটারের অর্ধশতরান নেই, কিন্তু প্রতিপক্ষ দলের ব্যাটারের শতরান রয়েছে। এর আগে, ১৯৬৩ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ও ২০০০ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবোয়ে টেস্টে এমন ঘটনা ঘটেছিল।












Click it and Unblock the Notifications