Sourav Ganguly: বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সৌরভের, কেপ টাউনে ভারতের বোলিং নিয়ে উচ্ছ্বসিত
Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই সৌরভ গিয়েছিলেন ত্রিপুরায়, সেই রাজ্যে পর্যটনের প্রসারের কাজে।
বিজেপি-শাসিত ত্রিপুরার পর ফের আরেক বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ দেখা করলেন সৌরভ। দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শও।

একটি বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে রায়পুরে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজকে চা চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। সম্প্রতি এই রাজ্যটি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। ফলে বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভের সাক্ষাতের তাৎপর্য অনেকটাই।
সৌরভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে স্পেন সফরে যাওয়ায় এবং সেখান থেকে বাংলায় লগ্নির ঘোষণা করায় তাঁকে কটাক্ষ করছিলেন বিজেপি নেতারা। সৌরভ অবশ্য বরাবরের মতো রাজনীতি থেকে নিজেকে দূরে রেখে নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন। ত্রিপুরা, ছত্তিশগড়ের মতো বিজেপি-শাসিত রাজ্যগুলিতেও সৌরভের জনপ্রিয়তা তুঙ্গে।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী স্মারক উপহার তুলে দেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতির হাতে। সৌরভকে ছত্তিশগড় সরকার পর্যটন বা অন্য কোনও বিষয়ের মুখ করা হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভের বৈঠকের বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।
সৌরভ সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের সঙ্গে এই প্রথম দেখা হলো। ভালো লাগছে। আমি বিসিসিআই সভাপতি থাকাকালীন ভারত ছত্তিশগড়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছে। নতুন স্টেডিয়ামে রঞ্জি ট্রফিও হচ্ছে। এখানকার ব্যবস্থাপনা ভালো। মুখ্যমন্ত্রীকে ক্রিকেটের প্রসারে উদ্যোগী হওয়ার অনুরোধ করেছি। তিনি যে এবারই আমাকে আমন্ত্রণ জানাবেন তা ভাবিনি।
রায়পুরে বসেই সৌরভ জানতে পারেন কেপ টাউন টেস্টে ভারতের বোলারদের দাপটের কথা। সৌরভ বলেন, বিশ্বকাপে ভালো খেলেও ভারত কাপ জিততে না পারায় খারাপ লেগেছে। কিন্তু বিশ্বকাপ ভবিষ্যতে জিতবে ভারত। ভারতীয় দলে ভালো মানের ক্রিকেটাররা রয়েছেন। কেপ টাউনে আজও দক্ষিণ আফ্রিকাকে ৫৫ রানে থামিয়ে দিয়েছে।
ভারত ব্যাটিং ভালো করলে এই টেস্ট সহজেই জিতবে বলে আশাপ্রকাশ করেন সৌরভ। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজও জিতেছে ভারত। টি২০ বিশ্বকাপ প্রসঙ্গে সৌরভ বলেন, এখনও টি২০ বিশ্বকাপের দেরি আছে। ভারতে অনেক ভালো ক্রিকেটার রয়েছেন। তাঁদের মধ্যে থেকেই সেরা দল বেছে নেওয়া হবে বলে আশা রাখি। বিশ্বকাপে ভারত ভালো খেলবে বলেও আশাবাদী মহারাজ।












Click it and Unblock the Notifications