SA vs IND: রোহিত ছন্দে ফিরতে সামলালেন মুকেশের বোলিং, দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে পরিবর্তন?
SA vs IND: কেপ টাউনে যাওয়ার আগে আজ সেঞ্চুরিয়নে অনুশীলন সারল ভারতীয় দল। প্রথম টেস্ট পাঁচ দিন গড়ালে আজই তা শেষ হতো। কিন্তু তিন দিনেই ফয়সালা হয়ে গিয়েছে। টেস্ট জিতে এগিয়ে গিয়েছে প্রোটিয়ারা।
ভারতীয় দলের এদিন ছিল অপশনাল প্র্যাকটিস। যাতে বিশেষভাবে নজর কাড়ল রোহিত শর্মার অনুশীলন।

দক্ষিণ আফ্রিকায় টেস্টে রোহিত শর্মার ব্যাটিং গড় খুবই খারাপ। প্রথম টেস্টে কাগিসো রাবাডার শিকার হয়েছেন দুই ইনিংসেই। প্রথম টেস্টে হারার ফলে নিউ ইয়ার টেস্ট ভারতের কাছে ডু-অর-ডাই। ফাইনাল ফ্রন্টিয়ার জয় অধরা থাকলেও সিরিজ ড্র রেখে কিছুটা সম্মান পুনরুদ্ধার করে দেশে ফিরতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া।
অপশনাল প্র্যাকটিসেও তাই সিরিয়াস ছিলেন রোহিত। বাংলার পেসার মুকেশ কুমারকে নিয়ে নেটে টানা ৪৫ মিনিট ব্যাট করলেন ভারত অধিনায়ক। মাঝেমধ্যেই মুকেশের বলে ব্যাটে-বলে সংযোগ ঘটাতে পারছিলেন না। মুকেশকে টিপসও দিচ্ছিলেন হিটম্যান। মুকেশকে সামলানোর পাশাপাশি থ্রোডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানির সঙ্গে সময় কাটান রোহিত।
অফ স্টাম্পে ধেয়ে আসা জোরে থ্রোডাউনের বিরুদ্ধে ব্যাট করছিলেন রোহিত। লেংথ ডেলিভারি, কিন্তু কোণাকুণিভাবে ভেতরের দিকে আসবে এমন বোলিং করতেও মুকেশকে পরামর্শ দেন। ৪ থেকে ৬ মিটার লেংথেই মুকেশ বেশিরভাগ বল করছিলেন। বোঝাই যাচ্ছে, প্রোটিয়া পেসারদের বিরুদ্ধে সাফল্য পেতে কতটা মরিয়া ভারত অধিনায়ক।
থ্রোডাউনের জন্য আলাদা নেট ছিল। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর রোহিতকে সেখানে যেতে বললেও রোহিত মুকেশকে ছাড়তেই চাইছিলেন না। কয়েকটি ডেলিভারি সামলাতে গিয়ে বেগ পেলেন, কিন্তু বোঝা যাচ্ছিল মুকেশের বোলিং মনে ধরেছে রোহিতের। এই পরিস্থিতিতে মুকেশকে ভারতীয় একাদশে দেখা যাবে কিনা তা নিয়ে চর্চা চলছে। মুকেশের রিস্ট পজিশন, লেংথ নিয়েও নানা পরামর্শ দেন রোহিত।
প্রসিদ্ধ কৃষ্ণকে সেঞ্চুরিয়ন টেস্টে খেলানো হলেও তিনি টেস্ট খেলার জায়গায় পৌঁছতে পারেননি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁকে এদিন ভারতীয় ব্যাটারদের বল করতেও দেখা যায়নি। বরং বোলিং কোচ পরশ মামব্রে প্রসিদ্ধকে নিয়ে পড়ে রইলেন বোলিংয়ের নানা খামতি মেটানোর কাজে। প্রসিদ্ধ যে পরের টেস্টে বাদ পড়বেন তা বলাই যায়। আবেশ খানকে দলে নেওয়া হয়েছে। কিন্তু মুকেশ জায়গা করে নিতে পারেন একাদশে।
শার্দুল ঠাকুর যখন থ্রোডাউন সামলাচ্ছিলেন ব্যাট হাতে তখন তাঁর কাঁধে চোট লাগে। কিন্তু জানা যাচ্ছে, চোট গুরুতর নয়। কিন্তু যন্ত্রণা কতটা সময় অবধি থাকবে তার উপর নির্ভর করবে শার্দুলের পরের টেস্টে খেলা। তবে রবীন্দ্র জাদেজা পুরো ফিট। তিনি রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে মিলে মিনিট ৪৫ বোলিং করলেন। জাদেজা রোহিতকে রক্ষণাত্মক শট খেলতেও বাধ্য করলেন এদিন।
যশস্বী জয়সওয়ালও প্রথম টেস্টে হতাশ করেছেন। এদিন নেটেও তাঁকে নড়বড়ে দেখাল। প্রোটিয়া পেসারদের কথা ভেবে থ্রোডাউন বিশেষজ্ঞরা জোরে বল ছুড়ছিলেন। রঘুর ছোড়া বলে উইকেট ভাঙতেই নিজের উপর ক্ষোভ প্রকাশ করেন যশস্বী। কয়েকবার পরাস্তও হলেন। তবে অভিমন্যু ঈশ্বরণ আত্মবিশ্বাসের সঙ্গেই নেটে ব্যাট করলেন। যদিও যশস্বী বাদ পড়বেন না বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications