SA vs IND: রোহিত দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দিলেন বিরাট বার্তা, তরুণদের পাশে থেকে একাদশ নিয়ে কোন ইঙ্গিত?
SA vs IND: কাল থেকে কেপ টাউনের নিউল্যান্ডসে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে রোহিত শর্মার ভারত এই টেস্ট খেলতে নামছে সিরিজ ড্র করার লক্ষ্য নিয়েই।
নিউ ইয়ার টেস্টে ভারতীয় শিবিরে স্বস্তির খবর একটাই, চোট সমস্যা নেই। সকলেই খেলার জন্য প্রস্তুত। যদিও প্রথম একাদশ এদিন খোলসা করেননি রোহিত শর্মা।

প্রথম টেস্টে শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণর বোলিংয়ের দৈন্যদশা ভারতের হারের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। প্রসিদ্ধকে বাইরে রাখার দাবি যখন জোরালো হয়েছে তখন এই তরুণ পেসারের পাশেই দাঁড়ালেন ভারত অধিনায়ক। রোহিত দাবি করেন, পেস বোলিং আক্রমণে পরিবর্তন নিয়ে খুব বেশি ভাবেননি। তবে টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের সঙ্গে কথা হয়েছে।
রোহিত বিশ্বাস করেন, প্রসিদ্ধের টেস্ট ক্রিকেটে সাফল্যলাভের যথেষ্ট ক্ষমতা রয়েছে। সেঞ্চুরিয়ন টেস্টে তাঁর অভিষেক হয়েছে। সকলের মতো অভিষেক টেস্টে প্রসিদ্ধ নার্ভাস থাকার কারণেই প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে পারেননি বলে মনে করছেন হিটম্যান। তিনি আরও দাবি করেন, প্রথম টেস্টের পরাজয় থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে দল।
দলে তরুণ ক্রিকেটারের সংখ্যা বেশি। ফলে দলে জেতার খিদেও ভালোরকম রয়েছে বলে দাবি রোহিতের। অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারার মতো ক্রিকেটারদের অনুপস্থিতিতে রেনবো নেশনে প্রথম টেস্টে ভরসা দিতে পারেননি শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সাফল্য পেলে তা আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে অনেকটাই ইতিবাচক হয় বলে দাবি রোহিতের।
রোহিত সতীর্থদের উদ্দেশে বার্তা দিয়েছেন, টেস্ট শুধু কয়েকটা সেশনের খেলা নয়। দীর্ঘ সময় ধৈর্য্য ধরে খেললে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব। পরিকল্পনার সফল বাস্তবায়নেই জোর দিচ্ছেন রোহিত। সেঞ্চুরিয়নের মতো না থাকলেও নিউল্যান্ডসের উইকেটেও ঘাস রয়েছে। ফলে জোরে বোলাররা সাহায্য আদায় করে নিতে পারবেন। সেঞ্চুরিয়নের তুলনায় কেপ টাউনে তাপমাত্রাও অনেকটাই বেশি।
নিউল্যান্ডসে আজ অবধি টেস্টে জেতেনি ভারত। এবারও যদি সেই ধারা অব্যাহত থাকে তাহলে সিরিজ হেরেই ফিরতে হবে রোহিতদের। রোহিত অবশ্য যে কোনও মূল্যে জয় চাইছেন। নিজে বেশ রিল্যাক্সড রয়েছেন। একইসঙ্গে বলে দিচ্ছেন, বিদেশে টেস্ট জেতায় সব সময়ই গর্ব অনুভব করি। যখন সিরিজ জেতার সম্ভাবনা নেই, তখন প্রতিপক্ষও যাতে না জিততে পারে তা নিশ্চিত করা নিয়েই আলোচনা চলছে।
আপার ব্যাক স্প্যাজমের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। তিনি রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় দলে আসতে পারেন। প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায় মুকেশ কুমার জায়গা করে নিতে পারেন ভারতের একাদশে।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ বা মুকেশ কুমার।












Click it and Unblock the Notifications