SA vs IND: প্রথম টেস্টে শামির বিকল্প কে হবেন? রাহুলের ভূমিকা ঠিক করা নিয়ে দ্বিধায় দ্রাবিড়
আগামী ২৬ ডিসেম্বর থেকে বক্সিং ডে-তে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের পর আবারও মাঠে নামছেন বিরাট কোহলি-রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহরা। একদিনের সিরিজ চললেও রাহুল দ্রাবিড় এবং তাঁর সহকারীরা টেস্ট দলের প্রস্তুতিতে যোগ দিয়েছিলেন। কিন্ত সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টের একাদশ নিয়ে দ্বিধায় রয়েছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক।
প্রশ্ন মূলত দুটি জায়গা ঘিরে। এক, চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি, তাঁর পরিবর্ত কে হবেন? দুই, উইকেটরক্ষক হিসাবে না শুধু ব্যাটসম্যান হিসাবেই খেলানো হবে কেএল রাহুলকে। এই দুটি বিষয়ই এখন সবথেকে বেশি ভাবাচ্ছে কোচ রাহুল দ্রাবিড়কে। সেঞ্চুরিয়ানেইর পিচ বরাবরই পেস সহায়ক ফলে সেখানে পেসার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ এবং একদিনের সিরিজে দলে ছিলেন মুকেশ। এরআগে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলেও খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে বিগত কয়েক বছর ধরেই দুরন্ত পারফরম্যান্স করেছেন বাংলার এই ক্রিকেটার। ৪০টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫১ উইকেট আছে তাঁর নামের পাশে। পাশাপাশি লং স্পেলেও ভালো বোলিং করতে পারেন। একইসঙ্গে লাইন লেন্থও মুকেশের পক্ষে যাচ্ছে, ফলে প্রথম টেস্টে ভারতীয় দলে মুকেশের খেলার সম্ভাবনা প্রবল।
অন্যদিকে, প্রোটিয়াদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলে না থাকলেও ভারতীয় এ দলে ছিলেন প্রসিদ্ধ। এমনকি দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বেসরকারি ম্যাচে হ্যাটট্রিকও করেছেন। ফলে মুকেশের সঙ্গে তিনিও প্রবলভাবে লড়াইয়ে আছেন।
দ্রাবিড়ের দ্বিতীয় ভাবনা কেএল রাহুলকে নিয়ে। কারণ কীভাবে খেলানো হবে লোকেশকে? উইকেটরক্ষক নাকি শুধুই ব্যাটার। মানসিক অবসাদের কারণে দেশে ফিরে গিয়েছেন ঈশান কিষাণ। তাঁর পরিবর্তে দলে এসেছেন কেএস ভরত। রাহুল শেষবার যখন টেস্ট খেলেছিলেন তখন ব্যাটার হিসাবেই খেলেন। এরপর চোট পেয়ে ছিটকে যান।
চোট কাটিয়ে ভারতীয় দলে ফেরার পর থেকে সীমিত ওভারের ক্রিকেটে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসাবেই খেলেছেন। তাঁর নেতৃত্বে একদিনের সিরিজে জয় পেয়েছে ভারত।স্পেশ্যালিস্ট উইকেটরক্ষক হিসাবে ভরতকে খেলানো হলে যশস্বীকে বসতে হতে পারে। শ্রেয়স আবার দলে ফিরেছেন। সব মিলিয়ে প্রথম একাদশ বাছাই কঠিন চ্যালেঞ্জ কোচ রাহুলের জন্য।












Click it and Unblock the Notifications