SA vs IND: ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু শুক্রবার, তিন ক্রিকেটারের অভিষেক চান কুম্বলে
SA vs IND: দক্ষিণ আফ্রিকার মাটিতে চার ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। শুক্রবার সিরিজের প্রথম ম্যাচ। টি২০ বিশ্বকাপ জেতার পর জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে টি২০ সিরিজে হারিয়েছে ভারত।
নিউজিল্যান্ডের কাছে ভারতের টেস্ট দল ০-৩ ব্যবধানে হেরেছে। অক্ষর প্যাটেল বাদে সেই ভারতীয় দলের কেউ নেই দক্ষিণ আফ্রিকায় সফররত টি২০ দলে। অক্ষর টেস্ট সিরিজে সুযোগও পাননি।

দক্ষিণ আফ্রিকায় ভারতের পেস বোলিং আক্রমণ বেশ অনভিজ্ঞ। এই বিভাগকে নেতৃত্ব দেবেন অর্শদীপ সিং। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন ভারতীয় কোচ অনিল কুম্বলে চান, দক্ষিণ আফ্রিকা সফরে তিনজন ক্রিকেটারের অভিষেক হোক, যাঁরা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়েছেন।
জিওসিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে কুম্বলে বলেন, ২০২৩ সালের আইপিএলে রিঙ্কু সিংয়ের কাছে পাঁচটি ছক্কা হজমের পর চলতি বছর যেভাবে যশ দয়াল আইপিএলে পারফর্ম করেছেন (১৪ ম্যাচে ১৫ উইকেট), তা তাঁর চারিত্রিক দৃঢ়তার পরিচায়ক। খুব ভালো বাঁহাতি পেসার। দুদিকে বল মুভ করাতে পারেন।
আরসিবির হয়ে ডেথ ওভারেও তিনি ভরসা জুগিয়েছেন। সে কারণেই ভারতীয় টি২০ দলে যশ দয়ালের অভিষেকের পক্ষে ব্যাট ধরেছেন কুম্বলে। কর্ণাটকের বিজয়কুমার ভাইশাক (Vijaykumar Vyshak)-কে আরসিবি রিটেন না করায় কুম্বলে কিছুটা অবাক হয়েছেন। এবার বিজয়কুমারকে ভারতের একাদশে চান কুম্বলে।
কুম্বলের কথায়, বিজয় কর্ণাটকের হয়ে খুব ভালো খেলেছেন। আরসিবিতে পর্যাপ্ত সুযোগ পাননি। তাঁকে দল ধরে না রাখায় আমি কিছুটা অবাকও হয়েছি। আশা করি, তিনি দক্ষিণ আফ্রিকায় সুযোগ পান। ডেথ ওভারে ভালো বল করতে প্রয়োজনীয় সমস্ত বৈচিত্র্য তাঁর বোলিংয়ে রয়েছে।
কলকাতা নাইট রাইডার্স ধরে রেখেছে রামনদীপ সিংকে। রামমদীপ যেমন ভালো ব্যাটার, তেমনই অনবদ্য ফিল্ডার। কুম্বলে রামনদীপকে বোলার হিসেবে ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, কেকেআরের হয়ে মাঝের ওভারগুলিতে দ্রুত রান তোলার পারদর্শিতা দেখিয়েছেন রামনদীপ। তিন-চার বল পেলেও তিনি কিছু মূল্যবান রান যোগ করতে পারেন। এটা তাঁর সেরা গুণ।
কুম্বলে আরও বলেন, রামনদীপ অসাধারণ ফিল্ডার। ইমার্জিং টিম এশিয়া কাপে তা আমরা দেখেছি। রামনদীপ বোলিংও করতে পারেন। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আসায় অনেকে অলরাউন্ডারকে গুরুত্ব দিতে চান না। কিন্তু রামনদীপকে খেলানো উচিত, বোলিংও করানো উচিত।
এই তিন ক্রিকেটারকে খেলানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি সঞ্জু স্যামসনের খেলায় ধারাবাহিকতাও দেখতে চান কুম্বলে। তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে শতরান তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিন্তু ধারাবাহিকতাও দরকার। নির্বাচকরা তাঁকে ১,২ বা তিনে খেলাতে পারেন। ব্যাকফুটে ভালো খেলায় তিনি পেসারদের বিরুদ্ধে সাফল্য পাবেন। স্পিনারদেরও ভালোভাবে সামলাতে পারেন স্যামসন।












Click it and Unblock the Notifications