SA vs IND: সেঞ্চুরিয়নে টেস্ট সেঞ্চুরিতে নানা নজির রাহুলের, স্পর্শ করলেন সচিনের কীর্তি
SA vs IND: সেঞ্চুরিয়নে টানা দুটি বক্সিং ডে টেস্টে শতরান করলেন লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকায় সফররত কোনও দলের প্রথম ক্রিকেটার হিসেবে। টস হেরে ব্যাট করতে নেমে ভারত থেমেছে ২৪৫ রানে, তার মধ্যে রাহুলের অবদান ১০১।
সুপারস্পোর্ট পার্কে যে পিচ হয় সেখানে ব্যাটিং করাই কঠিন বলে ধরা হয়। আর সেখানেই উপর্যুপরি শতরান রাহুলের। এদিন কেরিয়ারের অষ্টম টেস্ট শতরান করে ভারতকে ভদ্রস্থ জায়গায় রাখলেন। গড়লেন একাধিক নজির।

রাহুল এই টেস্টটি খেলছেন উইকেটকিপার হিসেবে। তিনিই প্রথম ক্রিকেটার যিনি উইকেটকিপার হিসেবে তিন ফরম্যাটেই ৫০-এর বেশি রান করলেন। ২০২০ সালে রাহুল রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআইয়ে প্রথম কিপিং করেন। সেই ম্যাচে খেলেন ৮০ রানের ইনিংস। টি২০ আন্তর্জাতিকে ২০২০ সালেই অকল্যান্ডে ৫৬ করেন কিপার রাহুল।
সেঞ্চুরিয়ন টেস্টে যখন ছয়ে ব্যাট করতে নামেন রাহুল, ভারতের স্কোর তখন ২৭ ওভারে ৪ উইকেটে ৯২। রাহুল গতকাল অপরাজিত ছিলেন ৭০ রানে। আজ শতরান পূর্ণ করেন ১৩৩ বলে। ১৪টি চার ও চারটি ছয়ের সাহায্যে। টস হেরে ভারত ব্যাট করছে এশিয়ার বাইরে এমন টেস্টে রাহুল এই নিয়ে দ্বিতীয়বার শতরান করলেন। এর আগে করেছিলেন ২০২১ সালে লর্ডসে।
এই নিরিখে তিনি স্পর্শ করলেন সচিন তেন্ডুলকরের কীর্তি। সচিন এই ধরনের পরিস্থিতিতে ২০০১ সালে ব্লুম্ফনটিন ও ২০০২ সালে পোর্ট অব স্পেন টেস্টে শতরান করেছিলেন। সচিনের এই কীর্তি স্পর্শ করেছেন রাহুল। বক্সিং ডে টেস্টে এর আগে দুটি করে শতরান ছিল সচিন তেন্ডুলকর ও অজিঙ্ক রাহানের। আজ তাঁদেরও ধরে ফেললেন রাহুল।
বক্সিং ডে টেস্টে সচিন ১৯৯৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫১ বলে ১১৩ ও ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯১ বলে ১১৬ করেছিলেন। রাহানে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ বলে ১৪৭ ও ২০২০ সালে অজিদের বিরুদ্ধে ২২৩ বলে ১১২ রানের ইনিংস খেলেন। রাহুলের দুটি বক্সিং ডে টেস্ট শতরানই সেঞ্চুরিয়নে। ২০২১ সালে তিনি করেছিলেন ২৬০ বলে ১২৩। ২০২১ সালে রাহুলের শতরানটি এসেছিল ২৬ ডিসেম্বর। এবার শতরানটি পেলেন ২৭ ডিসেম্বর।
বক্সিং ডে টেস্টে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বাধিক রান সুনীল গাভাসকরের। ১৯৮৩ সালে চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে তিনি ২৩৬ রানে অপরাজিত ছিলেন। ২০০৩ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বীরেন্দ্র শেহওয়াগ করেন ১৯৫ রান।












Click it and Unblock the Notifications