SA vs IND: ঈশান কিষাণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন, কারণটা কী?
SA vs IND: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজে চলতি মাসেই ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ২৬ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট। প্রোটিয়াদের দেশে দুই টেস্টের এই সিরিজ থেকেই সরে দাঁড়ালেন উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ।
বিসিসিআইয়ের কাছে তিনি আবেদন করেছিলেন, এই সিরিজ থেকে অব্যাহতি দেওয়ার জন্য। যা মঞ্জুর করেছে বোর্ড। নির্বাচকরা কিষাণের পরিবর্ত হিসেবে বেছে নিয়েছেন কেএস ভরতকে।

পায়ের চোটের কারণে মহম্মদ শামি আগেই ছিটকে গিয়েছেন টেস্ট সিরিজ থেকে। টেস্ট দল ঘোষণার সময়ই বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল, শামি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। ফিট হলে তবেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন। যদিও ঈশান কিষাণ সম্পর্কে আগে কিছু জানায়নি বোর্ড।
আজ বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ঈশান কিষাণ ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজ থেকে অব্যাহতি চেয়েছেন। তাঁর আবেদন মঞ্জুর করা হয়েছে। টেস্ট সিরিজে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন কেএস ভরত। ভরত এই মুহূর্তে ভারতীয় এ দলের হয়ে প্রোটিয়াদের দেশেই রয়েছেন।
বিশ্বকাপের পর আজই প্রথম একদিনের আন্তর্জাতিক খেলছে ভারত। কিষাণ সেই দলে নেই। প্রোটিয়াদের দেশে টি২০ সিরিজের দলেও ছিলেন না। তবে টেস্ট দলে তাঁকে রাখা হয়েছিল। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ঈশান কিষাণের টেস্ট অভিষেক হয়েছিল। ২ টেস্টে তিনি একটি অপরাজিত অর্ধশতরান-সহ মোট ৭৮ রান করেন।
লোকেশ রাহুল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি টেস্টেও উইকেটকিপিং করতে প্রস্তুত। ফলে বিশ্বকাপের পর বিশ্রামে থাকা তারকারা ফিরলে ভারতের একাদশ সাজাতে সুবিধাই হবে। কেন না, বিশেষজ্ঞ উইকেটকিপার খেলাতে হলে কোনও ব্যাটারের উপরই কোপ পড়ার সম্ভাবনা ছিল। ফলে ভরত এদিন কিষাণের পরিবর্ত এলেও প্রথম একাদশে রাহুলের থাকার সম্ভাবনাই বেশি।
বক্সিং ডে টেস্টের আগে ভারত নিজেদের মধ্যেই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তাতে খেলার জন্য শ্রেয়স আইয়ার দ্বিতীয় ও তৃতীয় ওডিআইয়ে খেলবেন না। সবমিলিয়ে পূর্ণশক্তি নিয়েই প্রোটিয়াদের দেশে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেতে মরিয়া ভারত।
ভারতের টেস্ট দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মবম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), প্রসিদ্ধ কৃষ্ণ, কেএস ভরত (উইকেটকিপার)।












Click it and Unblock the Notifications