SA vs IND: সেঞ্চুরিয়নে শাস্তির কোপে ভারত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও জোর ধাক্কা
SA vs IND: সেঞ্চুরিয়নে বৃষ্টিবিঘ্নিত টেস্টে ভারতকে হারাতে পুরো তিন দিনও লাগেনি দক্ষিণ আফ্রিকার। এই লজ্জাজনক হারের পর শাস্তির কোপেও পড়ল রোহিত শর্মার ভারত। যার জেরে বড় ধাক্কা খেল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের ফাঁদে জড়িয়ে পড়েছে রোহিত শর্মার দল। সে কারণেই শাস্তির মুখে পড়তে হয়েছে।

নির্ধারিত সময়ে ২ ওভার কম করার কারণেই শাস্তির মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে। আইসিসির প্লেয়ার ও প্লেয়ার সাপোর্ট স্টাফদের জন্য যে আচরণবিধি রয়েছে তার ২.২২ ধারা অনুযায়ী স্লো ওভার রেটের শাস্তির কথা শুনিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ভারতীয় দলের ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা ধার্য করা হয়েছে।
আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে কোনও দল পুরো ওভার করতে না পারলে ওভারপিছু ম্যাচ ফি-র ৫ শতাংশ কেটে নেওয়া হয়। ভারত যেহেতু ২ ওভার কম করেছিল, সে কারণে ১০ শতাংশ জরিমানা হয়েছে। তবে এই জরিমানার চেয়েও ভারত ধাক্কা খেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দু-বারই ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু একবার নিউজিল্যান্ড এবং চলতি বছর অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে পরাস্ত হয়েছিল। স্লো ওভার রেটের জরিমানার সঙ্গে ভারতের ২ পয়েন্ট কাটা গিয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়। ফলে ভারত বর্তমানে নেমে এসেছে ছয় নম্বরে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দক্ষিণ আফ্রিকা রয়েছে ১ নম্বরে। সাফল্যের শতকরা হার ১০০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান (৬১.১১ শতাংশ), তিনে রয়েছে নিউজিল্যান্ড (৫০ শতাংশ), চারে বাংলাদেশ (৫০ শতাংশ), পাঁচে অস্ট্রেলিয়া (৪১.৬৭ শতাংশ) ও ছয়ে ভারত (৩৮.৮৯ শতাংশ)। ৩ ম্যাচ খেলে ভারত একটিতে জিতেছে, একটিতে হেরেছে, একটি ড্র। পয়েন্ট ১২।
এদিকে, ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে ফয়সালা হওয়ার নিরিখে সবচেয়ে কম বল লাগল সেঞ্চুরিয়নেই। খেলা হয়েছে ১২৬৩ বল। ২০১৯ সালে রাঁচি টেস্টে ফয়সালা হতে লেগেছিল ১৩২৫ বল। সেই নজির এবার ভেঙে গেল। ১৯৯৬ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত অল আউট হয়েছিল ৩৪.১ ওভারে। গতকালও ভারত গুটিয়ে যায় সেই ৩৪.১ ওভারেই।
১৯৯৬ সালে ডারবান টেস্টে ভারত করেছিল ৬৬ ও ১০০। গতকালের ১৩১ দক্ষিণ আফ্রিকায় ভারতের টেস্টে তৃতীয় দলগত সর্বনিম্ন স্কোর। কাগিসো রাবাডা ভারতের বিরুদ্ধে টেস্টে ৫১টি উইকেট নিলেন। প্রোটিয়া বোলারদের মধ্যে পঞ্চম ক্রিকেটার হিসেবে ভারতের বিরুদ্ধে টেস্টে ৫০ বার তার বেশি উইকেটশিকারীদের তালিকায় নাম লেখালেন। দক্ষিণ আফ্রিকায় রোহিত শর্মার টেস্টে ব্যাটিং গড় ১২.৮। যা দ্বিতীয় সর্বনিম্ন। সবচেয়ে খারাপ গড় পাকিস্তানের মহম্মদ হাফিজের (১১.৮৩)।












Click it and Unblock the Notifications