SA vs IND: রাহুলের শতরান নিয়ে উচ্ছ্বসিত সানি-সচিন, সমালোচকদের উদ্দেশে কোন বার্তা কেএলের?
SA vs IND: লোকেশ রাহুলের ব্যাটে ২ বছর পর এসেছে টেস্ট শতরান। ২০২১ সালে সেঞ্চুরিয়নেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন ১২৩ রানের ইনিংস। সেটি ছিল রাহুলের সপ্তম টেস্ট শতরান।
অষ্টম টেস্ট শতরানটিও এলো সেই সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টেই প্রোটিয়াদের বিরুদ্ধে। চাপের মুখে পরিত্রাতা হয়ে রাহুলের ইনিংস ভারতকে লড়াইয়ে রেখেছিল। তাঁর ইনিংসের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকররা।

সপ্তম ও অষ্টম টেস্ট শতরানের মাঝে ১২টি ইনিংসে মাত্র একটি অর্ধশতরান ছিল রাহুলের। সেটিও জোহানেসবার্গে নিউ ইয়ার টেস্টে। খারাপ ফর্মের কারণে রাহুলের টেস্ট কেরিয়ার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নখ-দাঁত বের করেছিলেন সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষেরও মুখোমুখি হতে হয়েছিল।
স্বাভাবিকভাবেই চলতি টেস্টে ১৯৯ মিনিট ক্রিজে থেকে ১৩৭ বলে ১৪টি চার ও চারটি ছয়ের সাহায্যে করা ১০১ রানের এই ইনিংস নিশ্চিতভাবেই অক্সিজেন দিল রাহুলের কেরিয়ারে। উইকেটকিপার হিসেবে না খেললে হয়তো রাহুলের টেস্ট একাদশে জায়গাই হতো না। ফলে এই ইনিংস তাঁর টেস্ট কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতেই পারে।
রাহুল গতকাল সাংবাদিকদের বলেন, সোশ্যাল মিডিয়ায় জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না। যাদের যা বলার তা বলবেই। আমি ক্রিকেট খেলে বুঝেছি জনগণের নজরে থাকলে বিভিন্ন নেতিবাচক মন্তব্য থেকে নিজেকে সরিয়ে রাখার একমাত্র হাতিয়ার পারফরম্যান্স। সে কারণেই আমি নিজের খেলা ও পারফরম্যান্সেই ফোকাস ধরে রাখি।
রাহুল বুঝিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, মন্তব্য মানসিক দিক দিয়ে প্রভাবিত করলেও এগুলিকে গুরুত্ব না দিয়েই তিনি উপকৃত। রাহুলের কথায়, ব্যক্তি বা ক্রিকেটার হিসেবে প্রতিদিন, প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। সোশ্যাল মিডিয়া নিশ্চিতভাবেই একটা চাপ। আজ শতকান করেছি বলে মানুষ প্রশংসা করছেন। অথচ তিন-চার মাস আগে তাঁরাই সমালোচনা, বিদ্রুপ করছিলেন। এটাই খেলার অঙ্গ।
রাহুল আরও বলেন, সোশ্যাল মিডিয়া যে কোনও প্রভাব ফেলে না তা ঠিক নয়। যত দ্রুত এ সব থেকে নিজেকে সরিয়ে রাখা খেলার পক্ষে ভালো, এই উপলব্ধি করা যায় ততই মঙ্গল। তা মানসিকভাবেও ভালো জায়গাতেই রাখে। রাহুল গতকালের ইনিংস খেলে সচিন তেন্ডুলকরের একাধিক কীর্তি স্পর্শ করেছেন। সেই সচিনও রাহুলের প্রশংসায় পঞ্চমুখ।
Well played @klrahul. What impressed me was his clarity of thought. His footwork looked precise and assured, and that happens when a batter is thinking right. This century is crucial in the context of this Test. India would be happy with 245 considering where they were at one… pic.twitter.com/Dtw9HpjAIC
— Sachin Tendulkar (@sachin_rt) December 27, 2023
রাহুলের ব্যাটিংয়ে ভাবনার স্বচ্ছতা মুগ্ধ করেছে সচিনকে। ফুটওয়ার্কেরও প্রশংসা করেছেন। সচিনের কথায়, এ সবই ঠিক থাকে যখন কোনও ক্রিকেটারের চিন্তাভাবনা সঠিক থাকে। টেস্টের প্রেক্ষাপটে এই শতরান গুরুত্বপূর্ণ। যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে ভারত ২৪৫ রানে পৌঁছে যথেষ্টই খুশিই হবে।
সুনীল গাভাসকর স্টার স্পোর্টসে বলেছেন, ভারতের সব ব্যাটারের সব শতরান আমি দেখিনি। কিন্তু এই শতরান দেখে কে কী ভাবল জানি না, তাকে গুরুত্বও দিই না। আমার মতে, এটি ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা দশ শতরানের একটি। প্রথম দিন পিচ যা ছিল পরে তার চেয়ে ভালো হয়েছে। গুড লেংথ স্পট থেকে বল লাফাচ্ছিল, সেখানেও রাহুল ভালো শট খেলেছেন।
সানির কথায়, রাহুল ব্যাট করতে নামার সময় ভারত মোটেই ভালো পরিস্থিতিতে ছিল না। চার উইকেট পড়ে গিয়েছিল। দ্বিতীয় দিন ভারতের ৩৭ রানের মধ্যে রাহুল ৩১ করেছেন, সেটিই বুঝিয়ে দেয় তিনি কতটা ভালো খেলেছেন।দক্ষিণ আফ্রিকা ১১ রানে এগিয়ে। বাভুমা খেলতে পারবেন কিনা স্পষ্ট নয়। ফলে আর ২০-৩০ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে দিলে ভারত ম্য়াচে থাকবে।












Click it and Unblock the Notifications