SA vs IND: দ্বিশতরান হাতছাড়া করলেও এলিট লিস্টে নাম তুললেন এলগার, ভারতের ২৪৫-এর জবাবে দক্ষিণ আফ্রিকা ৪০৮
SA vs IND: সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে মজবুত জায়গায় দক্ষিণ আফ্রিকা। ভারতীয় বোলাররা আজ প্রথম সেশনে দুটি উইকেট ফেলতে পেরেছেন। যদিও লাঞ্চের আগে প্রোটিয়ারা এগিয়ে ১৪৭ রানে।
১৫ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া করেছেন ডিন এলগার। অর্ধশতরান হাঁকিয়েছেন মার্কো জানসেন। এলগার-জানসেনের জুটি ভেঙেছেন শার্দুল ঠাকুর। এরই মধ্যে এলিট লিস্টে নাম তুলেছেন এলগার।

বছর ছত্রিশের এলগারের এটিই বিদায়ী সিরিজ। সেঞ্চুরিয়ন টেস্টে অধিনায়ক তেম্বা বাভুমা হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়ার পর থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন এলগার। অধিনায়কোচিত শতরান হাঁকিয়েছিলেন গতকালই। আজ লক্ষ্য ছিল দ্বিশতরান। কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার কাছাকাছি এসেও থমকাতে হলো।
২০১৯ সালে পোচেস্ট্রুমে বাংলাদেশের বিরুদ্ধে ৩৮৮ বলে ১৯৯ রান করে আউট হয়েছিলেন এলগার। আজ যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল দ্বিশতরানের অপ্রাপ্তিটাও আজই ঘুচিয়ে ফেলবেন। কিন্তু ১৫ রান দূরেই তাঁকে আটকে দিলেন শার্দুল ঠাকুর। ২৮টি চারের সাহায্যে ২৮৭ বলে ১৮৫ রান করে কট বিহাইন্ড হলেন এলগার।
শার্দুল ঠাকুরের বাউন্সারটি ছিল লেগ সাইডে। শট খেলবেন, নাকি খেলবেন না এই দ্বিধায় ভুগেই উইকেট বাঁচাতে পারেননি এলগার। তাঁর আগে স্বাভাবিক ছন্দেই তিনি ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। আম্পায়ার পল রাইফেল আউট দেওয়ার পর রিভিউ নেন এলগার। দেখা যায় বল তাঁর গ্লাভস ছুঁয়ে জমা পড়েছে লোকেশ রাহুলের হাতে।
ড্রেসিংরুমে ফেরার পরও এলগারের অভিব্যক্তিতে হতাশার ছাপ ছিল স্পষ্ট। এলগারের এদিনের ১৮৫ রানের ইনিংসটি সুপারস্পোর্ট পার্কে প্রোটিয়া ওপেনারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক। এই স্টেডিয়ামে ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারশেল গিবস খেলেছিলেন ১৯২ রানের ইনিংস। ওই টেস্টেই গ্রেম স্মিথ করেন ১৩৯। গ্যারি কার্স্টেন ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন ১৩৪।
এলগার দ্বিশতরান হাঁকালেও জানসেনকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ১১১ রান। দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ উইকেটটি পড়ে ৩৬০ রানে। ৩৯১ রানে সপ্তম ও ৩৯২ রানে অষ্টম উইকেট পড়ে। জেরাল্ড কোয়েটজি ১৮ বলে ১৯ রান করে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন। কাগিসো রাবাডাকে ১ রানে বোল্ড করে দেন জসপ্রীত বুমরাহ।
এরপর নান্দ্রে বার্গার (২০ বলে ০)-কেও বোল্ড করে দেন বুমরাহ। তেম্বা বাভুমা ব্যাট করতে নামতে পারেননি। ফলে ভারতের ২৪৫ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ৪০৮ রানে। ১৪৭ বলে কেরিয়ারের সেরা ৮৪ রান করে অপরাজিত থাকেন মার্কো জানসেন। ১১টি চার ও ১টি ছয় মেরেছেন তিনি। বুমরাহ ৬৯ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। সিরাজ ২টি এবং শার্দুল, প্রসিদ্ধ কৃষ্ণ ও অশ্বিন ১টি করে উইকেট দখল করেছেন।












Click it and Unblock the Notifications