SA vs IND: টি২০ আন্তর্জাতিকে ভারতের সফলতম পেসার হওয়ার হাতছানি, আজই কি লক্ষ্যপূরণ অর্শদীপের?
SA vs IND: গকেবেরহায় দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে ৬১ রানে জয়লাভ করেছে।
আজ গকেবেরহার সেন্ট জর্জেস পার্কের উইকেট স্পিনারদের তুলনায় পেসারদের পক্ষে বেশি সহায়ক বলেই খবর। আর তাতেই লক্ষ্যপূরণ হয়ে যেতে পারে অর্শদীপ সিংয়ের।

২০২২ সালে টি২০ আন্তর্জাতিকে অভিষেকের পর অর্শদীপ ৫৭টি ম্যাচ খেলে ৮৮টি উইকেট ঝুলিতে পুরেছেন। ডারবানের কিংসমিডে প্রথম টি২০ আন্তর্জাতিকে তিনি ৩ ওভার হাত ঘুরিয়েছিলেন, ২৫ রান দিয়ে তুলে নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের উইকেট।
ভারতীয় পেসারদের মধ্যে টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ৯০টি উইকেট রয়েছে ভুবনেশ্বর কুমারের। ফলে আর তিনটি উইকেট তুলে নিতে পারলেই তিনি হয়ে যাবেন টি২০ আন্তর্জাতিকে ভারতের সফলতম পেসার। আজ যদি নাও পারেন, চলতি সিরিজে ভুবিকে টপকানো কঠিন হবে না অর্শদীপের পক্ষে।
টি২০ আন্তর্জাতিকে ভারতের সফলতম বোলারদের তালিকায় অর্শদীপ আছেন চারে। পেসারদের মধ্যে তৃতীয় স্থানে। জসপ্রীত বুমরাহর ৭০টি ম্যাচে ৬৯টি ইনিংসে হাত ঘুরিয়ে পেয়েছেন ৮৯ উইকেট। ভুবনেশ্বর কুমারের ৯০ উইকেট ৮৭টি ম্যাচে, ৮৬টি ইনিংসে।
ভারতীয় বোলারদের মধ্যে টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক উইকেট রয়েছে যুজবেন্দ্র চাহালের। চাহাল ৮০টি ম্যাচের ৭৯টি ইনিংসে ৯৬টি শিকার ঝুলিতে পুরেছেন। এই রেকর্ডটি ভাঙার জন্য অর্শদীপকে অপেক্ষা করতে হবে আগামী বছর অবধি।
অর্শদীপের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন হার্দিক পাণ্ডিয়াও। তিনি টি২০ আন্তর্জাতিকে এখনও অবধি অর্শদীপের চেয়ে একটি উইকেট কম পেয়েছেন। চলতি সিরিজের প্রথম টি২০ আন্তর্জাতিকে হার্দিক উইকেট পাননি। ১০৬টি ম্যাচে ৯৪ ইনিংসে বোলিং করে হার্দিক পেয়েছেন ৮৭টি উইকেট।
অর্শদীপ টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক উইকেট পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ১০ ম্যাচে ১৪টি। এরপরই দক্ষিণ আফ্রিকা, প্রোটিয়াদের বিরুদ্ধে ৭ ম্যাচে ১১টি উইকেট রয়েছে অর্শদীপের। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯টি করে এবং আফগানিস্তানের বিরুদ্ধে ৮টি উইকেট রয়েছে।
অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সাতটি করে উইকেট নিয়েছেন অর্শদীপ। আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রয়েছে ৪টি করে শিকার। ২টি করে উইকেট পেয়েছেন ইংল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ১টি করে শিকার হংকং ও জিম্বাবোয়ের বিরুদ্ধে।
টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক উইকেট দখলের রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির। তিনি ১২৬ ম্যাচে ১২৩ ইনিংসে ১৬৪টি উইকেট পেয়েছেন। স্পিনারদের মধ্যে সর্বাধিক উইকেট রশিদ খানের। আফগানিস্তানের তারকা স্পিনার টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় দুইয়ে আছেন, ৯৩টি ম্যাচে ৯৩টি ইনিংসে ১৫২ উইকেট দখল করে।
এই দুই বোলার ছাড়া টি২০ আন্তর্জাতিকে দেড়শো উইকেট কারও নেই। তিনে থাকা শাকিব আল হাসানের রয়েছে ১৪৯ উইকেট। মোট ১৭ জন বোলার টি২০ আন্তর্জাতিকে একশো উইকেট দখলের মাইলস্টোন ছুঁয়েছেন।












Click it and Unblock the Notifications