SA vs IND: প্রথম ভারতীয় পেসার হিসেবে অর্শদীপের নয়া নজির, দঃ আফ্রিকায় অভিষেকেই সাফল্যের রহস্য ফাঁস সুদর্শনের
SA vs IND: জোহানেসবার্গে প্রথম একদিনের আন্তর্জাতিকে হেলায় দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। মঙ্গলবার দ্বিতীয় ওডিআই।
অর্শদীপ সিংয়ের ৫ ও আবেশ খানের ৪ উইকেট দখলের সৌজন্যে প্রোটিয়ারা গুটিয়ে যায় ১১৬ রানেই। জবাবে বি সাই সুদর্শন ও শ্রেয়স আইয়ার হাঁকালেন অর্ধশতরান। শ্রেয়স আউট হলেও সুদর্শন অপরাজিত থেকে যান।

ম্যাচের সেরা অর্শদীপ বলেন, জোহানেসবার্গের উচ্চতার বিষয়টি কয়েক ওভার করার পর উপলব্ধি করছিলাম। তবে মানিয়ে নিতে অসুবিধা হয়নি। সকলেরই লক্ষ্য থাকে দেশের হয়ে খেলা। রাহুল ভাই (অধিনায়ক লোকেশ রাহুল)-কে ধন্যবাদ জানাব। কেন না, তিনিই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে উৎসাহিত করেছিলেন, বলেছিলেন পাঁচ উইকেট নেওয়ার লক্ষ্যে নামতে।
অর্শদীপ আরও বলেছেন, আমার ভূমিকা উপভোগ করছি। সেই ধারাই বজায় রাখতে চাই। গেবেখায় কী করলে সাফল্য পাওয়া যাবে সেটা জেনে নেব। সেখানেও ফলাফল ভালোই হবে আশা করছি। প্রথম ভারতীয় পেসার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও ওডিআইয়ে পাঁচ উইকেট নিলেন অর্শদীপ।
এর আগে, ২০১৮ সালে যুজবেন্দ্র চাহাল সেঞ্চুরিয়নে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন। এবারের বিশ্বকাপে কলকাতায় রবীন্দ্র জাদেজা ৩৩ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন প্রোটিয়াদের বিরুদ্ধে। সুনীল যোশী ১৯৯৯ সালে নাইরোবিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ রানে ৫ উইকেট দখল করেছিলেন।
অধিনায়ক লোকেশ রাহুলের কথায়, গত বছর অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকায় তিনটি ওডিআইয়ে পরাস্ত হয়েছিলাম। ফলে আজ জিতে ভালো লাগছে। স্পিনারদের নিয়েই আক্রমণে যাওয়া লক্ষ্য ছিল। তবে এখানকার কন্ডিশনকে কাজে লাগিয়ে দারুণ বোলিং করেছেন পেসাররা। উইকেট থেকে ফায়দা আদায় করে নিয়েছেন তাঁরা।
পরের ম্যাচ থেকে ভারত পাবে না শ্রেয়স আইয়ারকে। রাহুল বলেন, এভাবেই বিগত কয়েক বছর ধরে চলছে। ক্রিকেটারদের বিশ্রাম দিতে হচ্ছে। কোন ফরম্যাটকে প্রাধান্য দিতে হবে সেটাও সময়ের সঙ্গে বদলায়। তবে যাঁরাই সুযোগ পাচ্ছেন, সকলেই সেরাটা উজাড় করে দিয়ে ভালো খেলছেন। ক্রিকেটাররা প্রথম শ্রেণির ক্রিকেট, আইপিএলেও নিজেদের মেলে ধরছেন।
আন্তর্জাতিক অভিষেকে অর্ধশতরান পেয়ে খুশি বি সাই সুদর্শন। ওপেন করতে নেমে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। সুদর্শনের কথায়, প্রথম থেকেই দেশের হয়ে খেলা লক্ষ্য ছিল। লোকেশ রাহুলের কাছ থেকে ভারতীয় দলের টুপি পাওয়া দারুণ অনুভূতি। যে দলের টুপি যখন পাই বাড়িতে সেগুলি আলাদা করে ঝুলিয়ে রাখি। এটিও থাকবে।
সুদর্শন বলেন, উইকেট খুব একটা সহজ ছিল না। তবে দক্ষিণ আফ্রিকার পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হয়েছে ভারতীয় এ দলের হয়ে খেলে। তাছাড়া যাঁরা এ দেশে খেলেছেন তাঁদের কাছ থেকেও জেনে নিয়েছিলাম কী করলে সাফল্য পাওয়া সম্ভব। সবমিলিয়ে হোমওয়ার্ক যে সুদর্শন ভালোই করে এসেছেন লম্বা রেসের ঘোড়া হওয়ার লক্ষ্যে, তাঁর কথাতেই সেটি স্পষ্ট।












Click it and Unblock the Notifications