SA vs IND: দেশে ফিরলেও টেস্ট থেকে ফোকাস হারাচ্ছেন না কোহলি, বিশ্বকাপের পর প্রথমবার মুখ খুললেন বিরাট
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। ফ্যামিলি ইমার্জেন্সির কারণেই দেশে ফিরে আসতে হয়েছে বিরাটকে। দেশে ফিরলেও কোহলি কিন্তু টেস্ট সিরিজ থেকে কোনওভাবেই ফোকাস হারাচ্ছেন না। একদিনের বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পর এবার লাল বলের ক্রিকেটেও নিজের সেরাটা দিতে প্রস্তুত কিং কোহলি।
একদিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এই প্রথম মুখ খুললেন বিরাট। যদিও বিশ্বকাপ ফাইনালে হার কিংবা অন্য কোনও বিষয় নিয়ে কোনও বক্তব্য পেশ করেননি। তাঁর মুখে লাল বলের ক্রিকেটের কথা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে মুখ খুললেন বিরাট।

একইসঙ্গে বিরাট উল্লেখ করেন, 'ব্যক্তিগত ভাবে লাল বলের ক্রিকেটে আমার কাছে সবচেয়ে ভাল অনুভূতি হল, একটা লম্বা ইনিংস খেলে দলকে টেস্ট ম্যাচে জেতানো। আমি খেলার দিক থেকে সাবেকি ঘরানাতে বিশ্বাসী। তাই আমার কাছে সাদা জার্সি পরে টেস্ট ক্রিকেট খেলা সবার আগে। টেস্ট দেখতে দেখতেই বড় হয়েছি। দেশের হয়ে ১০০টা টেস্ট খেলতে পেরে আমি গর্বিত।
ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারের পর এই প্রথম দেশের হয়ে মাঠে নামবেন বিরাট। বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা ক্রিকেটারকে নিয়ে আগ্রহও রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ টেস্টের আগে দলের সঙ্গে প্রস্তুতি নিতে পারছেন না কোহলি। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট।
কী কারণে দেশে ফি্রে আসতে হয়েছে কোহলিকে। তা এখনও স্পষ্ট নয়। যদিও বিসিসিআইয়ের একটি সূত্র ক্রিকবাজকে জানিয়েছেন, প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই জোহনেশবার্গে ফিরে আসবেন কোহলি।তাঁর আন্তর্জাতিক কেরিয়ার ১৫ বছরের হলেও, গত ১২ বছর ধরে টেস্ট খেলছেন বিরাট। ১১১টি টেস্টে বিরাটের রান ৮৬৭৬।
সম্প্রচারকারী চ্যানেলে রোহিত শর্মা বলেন, টেস্ট ম্যাচ একেবারেই আলাদা একটা ফর্ম্যাট। এই ম্যাচে ক্রীড়াবিদ হিসাবে আপনি প্রতিদিন কোনও না কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। টেস্ট জিততে গেলে পাঁচ দিনই ক্রিকেটারদের নিজের সেরাটা দিতে হবে।












Click it and Unblock the Notifications