SA vs IND: যুবরাজের ছয় বলে ছয় ছক্কার মাঠে এসে আবেগপ্রবণ অভিষেক, ফিরে গেলেন অতীতের স্মৃতিতে
আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করে জাতীয় দলের দরজা খুলে গিয়েছে অভিষেক শর্মার জন্য। ২০২৪ সালের আইপিএলে ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে হায়দরাবাদ দলের হয়ে ঝড় তুলছিলেন অভিষেক। এরপর জিম্বাবোয়ে সফর এমনকি ঘরের মাঠে বাংলাদেশ সিরিজেও দলে ছিলেন অভিষেক। এবার প্রোটিয়া সফরেও গিয়েছেন তরুণ এই ক্রিকেটার।
অভিষেক শর্মা নিজের আইডল হিসেবে মানেন যুবরাজ সিংকে। যুবির সঙ্গে দক্ষিণ আফ্রিকার একটি মধুর স্মৃতি জড়িয়ে আছে। ২০০৭ সালে এই দেশেই ভারতীয় দলের হয়ে টি২০ বিশ্বকাপ জিতেছিলেন যুবরাজ, এমনকি ডারবানের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ছয় বলে ছয় ছক্কাও মারেন। সেই ডারবানে এসে বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেন যুবরাজের শিষ্য অভিষেক শর্মা।

ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে যুবরাজের ছয়টি ছক্কার কথা মনে করেন অভিষেক এবং কীভাবে এই মুহূর্তটি তাঁকে একদিন একজন ক্রিকেটার হতে অনুপ্রাণিত করেছিল সেটাও প্রকাশ্যে আনলেন। গত রবিবারই ম্যান্ডেলার দেশে এসেছে ভারতীয় টি২০ দল। আগামী ৮ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। তারআগে বিসিসিআইয়ের প্রকাশ করা ভিডিওতে অভিষেক শর্মা তুলে ধরেছেন তাঁর মনের কথা।
অভিষেক শর্মা বলেন, 'আমি এখানে প্রথমবার খেলতে এসেছি, কিন্তু ছোট বেলা থেকেই এই মাঠে অনেক খেলা আমি টিভিতে দেখেছি, তাই এখানে খেলতে আসতে পারাটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই। আমি ২০০৭ সালে টি২০ বিশ্বকাপের সময় যুবরাজ সিংয়ের ৬ বলে ৬-ছক্কায় অনুপ্রাণিত হয়েছিলাম।'
কিছু আবেগের সুরেই অভিষেক আরও বলেন, এখানে এসে প্রথম দিনে, আমি খুঁজে বের করার চেষ্টা করছিলাম কোন কোন জায়গায় সেই ছক্কার বলগুলি পড়েছিল। তারপর আমরা সবাই আলোচনা শুরু করলাম, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম কোথায় কোথায় বলগুলি গিয়েছিল। গোটা মাঠের বিভিন্ন প্রান্তে ছয়টি বল যায়। এটি একটি দুর্দান্ত স্মৃতি আমার জন্য।' আপাতত ভারতীয় টি২০ দলে নিজের জায়গাকে আরও পাকাপোক্ত করাই লক্ষ্য অভিষেক শর্মার।












Click it and Unblock the Notifications