SA vs IND: টেস্ট দলে ঋতুরাজের বদলি এক বঙ্গ ক্রিকেটার, লাল বলের ক্রিকেটেও সুযোগ পেলেন রিঙ্কু
চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ঋতুরাজ গাইকোয়াড ছিটকে গিয়েছেন। কিন্তু কে হবেন তাঁর বিকল্প? এটা নিয়ে শুরু হয়েছিল চর্চা। নাম উঠে আসছিল রাহানে-পূজারার মতো সিনিয়ার ক্রিকেটারদের। কিন্তু আগামীর দিকে লক্ষ্য রেখে তারুণ্যেই আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট। রাহানে-পূজারা নন, প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ঋতুরাজের বদলি হিসাবে দরজা খুলল এক বাংলার ক্রিকেটারের।
আঙুলে চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ঋতুরাজ গাইকোয়াড। দ্বিতীয় একদিনের ম্যাচে আঙুলে চোট পাওয়ায় বৃহস্পতিবার তৃতীয় একদিনের ম্যাচে খেলতে পারেননি ঋতুরাজ।শনিবার বিসিসিআইয়ের একটি বিবৃতিতে তিনি বলেছেন, ''চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে বাদ পড়েছেন ঋতুরাজ। তাঁর বদলিও ঘোষণা করা হয়েছে। ঋতুরাজের বদলে জায়গা পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ।'

ঋতুরাজের চোট যেন শাপে বর হল বাংলার ক্রিকেটারের। গত ডিসেম্বরে বাংলাদেশে টেস্ট স্কোয়াডে ছিলেন ঈশ্বরণ। কিন্তু এখনও দেশের হয়ে সাদা-জার্সিতে অভিষেক হয়নি। বাংলার হয়ে ৮৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ঈশ্বরণ ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম। ভারতীয় স্কোয়াডে ঢুকলেও টেস্টে তাঁর অভিষেক হয়নি। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলেন তিনি।
ভারত এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকাতেই রয়েছেন ঈশ্বরণ। ফলে দলে যোগ দিতে বিশেষ সমস্যা হবে না তাঁর। বক্সিং ডে টেস্টে এক বঙ্গ প্রতিনিধির টেস্টে অভিষেক হবে কী?
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ঋতুরাজকে দল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। দেশে ফিরে এনসিএতে যোগ দেবেন ভারতীয় এই ক্রিকেটার। পাশাপাশি চার দিনের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন হর্ষল প্যাটেল। এই ম্যাচে ভারতীয় এ দলে যুক্ত হয়েছেন সরফরাজ খান, আবেশ খান, রাজত পাতিদার, রিঙ্কু সিং। কুলদীপ যাদবকেও দল থেক ছেড়ে দেওয়া হচ্ছে।
এছাড়াও ভারতীয় এ দলের অধিনায়ক হিসাবে নাম রয়েছে ঈশ্বরণের। আগামী ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ানে শুরু হবে প্রথম টেস্ট। ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। ফ্যামিলি ইমার্জেন্সির কারণেই দেশে ফিরে আসতে হয়েছে বিরাটকে। ফলে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবেন না কোহলি। কিন্তু কোহলির টেস্ট সিরিজ খেলা নিয়ে কোনও সংশয় নেই।
১৯৯২-৯৩ মরসুম থেকে এখনও পর্যন্ত, দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই দেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতা হয়নি ভারতের। মাত্র ৪টি ম্যাচ জিতেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications