SA vs IND: পার্লে ওডিআই সিরিজের ফয়সালায় কি বাধা হবে বৃষ্টি? ভারত ও দক্ষিণ আফ্রিকার একাদশে কি রদবদল হচ্ছে?
SA vs IND: জোহানেসবার্গে প্রথম একদিনের আন্তর্জাতিকে ভারত দাপটের সঙ্গে জিতলেও গেবেখায় দারুণভাবে প্রত্যাবর্তন করেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১।
কাল পার্লে সিরিজের ফয়সালা। তৃতীয় একদিনের আন্তর্জাতিক জিততে মরিয়া দুই শিবিরই। কাল দিন-রাতের ম্যাচ শুরু ভারতীয় সময় বিকেল সাড়ে চারটেয়।

গত বছরের জানুয়ারিতে পার্লের বোলান্ড পার্কে ভারতকে দুটি ম্যাচেই হারিয়েছিল প্রোটিয়ারা। সেবার সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ২৯৬ তোলে, রাসি ভ্যান ডার ডুসেন ৯৬ বলে অপরাজিত ১২৯ করে ম্যাচের সেরা হন। ভারত ৮ উইকেটে ২৬৫ অবধি পৌঁছে ম্যাচ হারে ৩১ রানে।
এরপর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে হারিয়েছিল ভারতকে। ৬৬ বলে ৭৮ করে ম্যাচের সেরা হন কুইন্টন ডি কক। ভারত ঋষভ পন্থের ৭১ বলে ৮৫ রানের দৌলতে ৬ উইকেটে ২৮৭ রান তুলেছিল। জবাবে খেলতে নেমে প্রোটিয়ারা ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল।
বোলান্ড পার্কে ওডিআইয়ে ২০১৭ সাল থেকে একবারও হারেনি দক্ষিণ আফ্রিকা। ভারত এখানে দুবারই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে দুবারই হেরেছে। ১৯৯৭ সালে এখানে ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ টাই হয়েছিল। ২০০৩ সালের বিশ্বকাপে ভারত এখানেই নেদারল্যান্ডস ও কেনিয়াকে হারিয়েছিল।
২০১৩ সালে এই স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। তারপর থেকে ওডিআইয়ে এখানে প্রোটিয়ারা অপরাজেয়। সেই বিজয়রথ থামাতে পারলে ভারত সিরিজ জিতবে। গতকালের ম্যাচে হেরে গেলেও ভারতের অ্যাপ্রোচে বদল আসবে না বলেই জানানো হয়েছে। ফলে একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম।
তবে রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করেও ভারত শেষ ম্যাচে জয়ের জন্য ঝাঁপাতে পারে। দক্ষিণ আফ্রিকার উইনিং কম্বিনেশন ধরে রাখার সম্ভাবনাই বেশি। কালকের ম্য়াচ হবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায়। হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকছে। দুই দলই চাইবে বোলারদের জন্য পর্যাপ্ত পুঁজি নিশ্চিত করে দিতে।
ভারতের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, বি সাই সুদর্শন, তিলক বর্মা, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- রিজা হেন্ডরিকস, টনি ডি জোর্জি, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামস, বিউরান হেন্ডরিকস।












Click it and Unblock the Notifications