SA vs IND: কেপ টাউনে দিনে ২৩ উইকেট এই নিয়ে দ্বিতীয়বার! টেস্টে একই দিনে সর্বাধিক শিকারের তালিকা একনজরে
SA vs IND: কেপ টাউন টেস্টের প্রথম দিনেই অ্যাডভান্টেজ ভারত। সারাদিনে আজ পড়েছে ২৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল ৫৫ রানে। জবাবে ভারত তোলে ১৫৩।
দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট হারিয়েছে ডিন এলগারের দল। এখনও প্রোটিয়ারা পিছিয়ে ৩৬ রানে, হাতে সাত উইকেট। তবে জানেন কি, কেপ টাউন টেস্টে কোনও একটি দিনে ২৩ উইকেট আগেও পড়েছিল?

২০১১ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউল্যান্ডসেই টেস্ট খেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেই টেস্টটি প্রোটিয়ারা শেষ অবধি জেতে ৮ উইকেটে। অস্ট্রেলিয়ার ২৮৪ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তুলেছিল ৯৬। এরপর অস্ট্রেলিয়াকে ৪৭ রানে দ্বিতীয় ইনিংসে বেঁধে ফেলে ২ উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল।
প্রথম ইনিংসে তিনটি ও দ্বিতীয় ইনিংসে ১৫ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন ভার্নন ফিলান্ডার। টেস্টটি শেষ হয়েছিল তিন দিনে। দ্বিতীয় দিনে পড়েছিল ২৩ উইকেট, রান উঠেছিল ২৯৪। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট তৃতীয় দিনে গড়াবে কিনা তা হলফ করে বলা যাচ্ছে না। তবে ফয়সালা হতে খুব বেশি হতে তিন দিনই লাগবে বলে ধারণা বিশেষজ্ঞদের। দুই দিনেও শেষ হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
১৮৮৮ সালে লর্ডসে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টেস্টের দ্বিতীয় দিনে পড়েছিল ২৭ উইকেট। কোনও টেস্টের কোনও একটি দিনে সর্বাধিক উইকেট-পতনের এটিই সেরা নজির। টেস্টের প্রথম দিনে ২৫ উইকেট পড়ার নজিরও রয়েছে। ১৯০২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টের প্রথম দিনে পড়েছিল ২৫ উইকেট, রান উঠেছিল ২২১।
১৮৯৬ সালে ওভালে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথের দ্বিতীয় দিনে ২৪ উইকেট পড়েছিল। ২০১৮ সালে জুন মাসে বেঙ্গালুরুতে ভারত-আফগানিস্তান টেস্ট শেষ হয়েছিল ২ দিনে। ভারত প্রথম ইনিংসে তুলেছিল ৪৭৪। আফগানিস্তানের ইনিংস শেষ হয়েছিল ১০৯ ও ১০৩ রানে। এই টেস্টের দ্বিতীয় দিনে পড়েছিল সবমিলিয়ে ২৪ উইকেট, রান ওঠে ৩৩৯।
টেস্টের কোনও একটি দিনে ২২ উইকেট পড়ার নজির রয়েছে ৬টি। চারবার পড়েছে ২১ উইকেট। টেস্টের কোনও একদিন ২০ উইকেট পড়ার নজির রয়েছে ২০ বার। ইতিমধ্যেই নিউল্যান্ডসের উইকেটের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আইসিসি নিউ ইয়ার টেস্টের উইকেটটিকে কী আখ্যা দেয় তা স্পষ্ট হবে কয়েক দিনেই।
ভারতে টেস্টে একদিনে ২০ বা তার বেশি উইকেট পড়েছে, এমন ঘটনা ঘটেছে তিনবার। আজ এই নিয়ে তৃতীয়বার দক্ষিণ আফ্রিকায় এমন ঘটনা ঘটল। যার ফলে ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা রইল একই জায়গায়।
অনেকেই বলছেন, ভারতে যদি আজকের মতো ঘটনা ঘটতো তাহলে অনেক বিশেষজ্ঞই নখ-দাঁত বের করে উইকেটের সমালোচনা করতে গিয়ে কিউরেটর ও বিসিসিআইয়ের সমালোচনায় সরব হতেন। কিন্তু আজ যেভাবে ধস নামল তা নিয়ে খুব বেশি আওয়াজ উঠছে না। ময়াঙ্ক আগরওয়ালও এক্স হ্যান্ডলে প্রশ্ন তুলেছেন, ভারতে একদিনে টেস্টে ২০ উইকেট পড়লে কী পরিস্থিতি হতো?












Click it and Unblock the Notifications