SA vs IND: সিরিজ জয়ের রেকর্ড ধরে রাখাই চ্যালেঞ্জ প্রোটিয়াদের, বিরাটদের বাড়তি সমীহ দক্ষিণ আফ্রিকার
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে প্রোটিয়ারা। ঘরের মাঠে টি২০ সিরিজ ড্র হলেও একদিনের সিরিজে হারের মুখ দেখতে হয়েছে দক্ষিণ আফ্রিকা দলকে। এবার ঘরের মাঠে টেস্টে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। সীমিত ওভারের সিরিজে দলে না থাকলেও টেস্টে নেতৃত্বের ভার থাকছে তেম্বা বাভুমার উপর।
এখনও পর্যন্ত ঘরের মাঠে ভারতের কাছে টেস্ট সিরিজ হারেনি দক্ষিণ আফ্রিকা। সেই ধারা ধরে রাখাই লক্ষ্য প্রোটিয়াদের কাছে। তার উপর প্রথম ম্যাচ আবার সেঞ্চুরিয়ানে। এখানে ২৮টির মধ্যে ২২টি টেস্টেই জিতেছে দক্ষিণ আফ্রিকা।

অতীত পরিসংখ্যান যাই থাক, এবার কিন্ত প্রোটিয়াদের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে। বিশ্বকাপের পরই বাভুমার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে। ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও দলে ছিলেন না। ফলে এই সিরিজে অধিনায়ক এবং ব্যাটার উভয় ভূমিকাতেই অগ্নিপরীক্ষা বাভুমার কাছে।
একইসঙ্গে নজর থাকবে এইডেন মার্করামের দিকে। সীমিত ওভারের ক্রিকেটে চলতি বছর ব্যাট হাতে সাফল্য পেয়েছেন এই প্রোটিয়া তারকা। কিন্তু ২০২২ সালে টেস্টে মিডল ওর্ডারে খেলে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মার্করাম। ৭ ইনিংসে ১০৯ রান করেছিলেন। তবে চলতি বছরের শুরুতেই তাঁকে টপ অর্ডারে পাঠানো হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করেন তিনি। সাদা বলের মতোই লাল বলের ক্রিকেটেও মার্করাম প্রোটিয়া ব্যাটিংয়ের অন্যতম ভরসা।
ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে প্রতিপক্ষ দলকে সমীহই করছেন তেম্বা বাভুমা। তিনি বলেন, 'ভারতের বিরুদ্ধে খেলতে নামলে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। বোলাররা অনেক বেশি চাপে থাকেন কারণ প্রতিপক্ষ দলের ব্যাটিং গভীরতা অনোকবেশি। ভারতীয় দলে দারুণ কিছু টেস্ট ক্রিকেটার আছেন যারা সব ফর্ম্যাটেই ভালো খেলতে পারেন।'
একইসঙ্গে তিনি বলেন, 'এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকাতে এসে তারা টেস্ট সিরিজে জয় পায়নি। ফলে ভারত অনেক বেশি মরিয়া থাকবে জয় পাওয়ার জন্য। তবে আমরাও তৈরি নিজেদের সেরাটা দেওয়ার জন্য।আমাদের আবহাওয়া আমরা ভাল ভাবে জানি। তবে এমন নয় যে আমরাই শুধু ভাল খেলব। ভারতও ভাল খেলবে। ভারতের বোলিং আক্রমণ ৫-৭ বছর ধরে ভাল খেলছে।’












Click it and Unblock the Notifications