SA vs IND 1st Test: টেস্ট শুরুর আগে অনুশীলন ব্যাহত ভারত ও দক্ষিণ আফ্রিকার, প্রথম দিন খেলা হওয়া নিয়ে সংশয়
SA vs IND 1st Test: কাল থেকে সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। যদিও টেস্ট শুরুর আগের দিন ব্যাহত হলো দুই দলেরই অনুশীলন। প্রতিকূল আবহাওয়ার কারণে।
গতকাল রাত থেকে যে বৃষ্টি নেমেছে তা অব্যাহত রয়েছে আজ। এমনকী বক্সিং ডে-তেও ক্রিকেটপ্রেমীদের সঙ্গী হতে পারে হতাশা।

দুই টেস্টের সিরিজের প্রথম দিনেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তিনটি সেশনের খেলাই ভেস্তে যেতে পারে। যেভাবে বৃষ্টি চলছে তাতে সুপারস্পোর্ট পার্কের কিউরেটর ব্রায়ান ব্লয় আশার কথা শোনাতে পারেননি। অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, কাল বৃষ্টিপাতের সম্ভাবনা ৯৬ শতাংশ।
প্রথম টেস্টের পিচে ঘাস রয়েছে। ফলে জোরে বোলাররা কার্যকরী হতে পারেন। সাধারণত এই সময় সেঞ্চুরিয়নের তাপমাত্রা থাকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যদিও বৃষ্টি-সহ খারাপ আবহাওয়ার কারণে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। কিউরেটর বলেন, জানি না কী পরিস্থিতি হবে। তবে প্রথম দিনে খেলা না হওয়ার সম্ভাবনা প্রবল।
মেঘলা আবহাওয়ায় যদি খেলা শুরুও হয় তাহলে টস জিতলে কী করণীয় সে প্রসঙ্গে কিউরেটর বলেন, পিচ দু-দিন ধরে ঢাকা থাকলে রোল করা যাবে না। সেক্ষেত্রে ব্যাটিং করাটা চ্যালেঞ্জিং হতে পারে। বর্তমানে যা পরিস্থিতি তাতে কখন পিচের কভার সরিয়ে খেলার জন্য প্রস্তুত করা যাবে তা বলা যাচ্ছে না।
যদি তৃতীয় দিনে খেলা সকাল ১০টায় শুরু হয় তাহলে আবহাওয়া যেমন শীতল থাকবে, তেমনই সকালের সেশনটায় অনেক কিছুই হতে পারে। তবে বর্তমানে যা পরিস্থিতি চলছে তাতে বোলাররা এই পিচ থেকে ফায়দা আদায় করে নিতে পারবেন বলে আশাবাদী কিউরেটর।
টেস্ট শুরুর সময় নির্ধারিত রয়েছে ভারতীয় সময় বেলা দেড়টা থেকে। স্টার স্পোর্টস নেটওয়ার্কে খেলা সম্প্রচারিত হবে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপেও। প্রোটিয়াদের দেশে টি২০ সিরিজ ১-১ হয়েছিল। একদিনের সিরিজ ভারত জেতে ২-১ ব্যবধানে। ৩১ বছরের অপেক্ষার শেষে প্রোটিয়াদের দেশে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন নিয়েই নামতে চলেছে রোহিত শর্মার ভারত।












Click it and Unblock the Notifications