SA vs IND 1st Test: রাবাডার দাপটের পাল্টা দিলেন রাহুল, সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত তবু ব্যাকফুটে
SA vs IND 1st Test: সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের প্রথম দিনে বিঘ্ন ঘটাল বৃষ্টি। আলো কমে আসা ও পরে বৃষ্টি নামায় নির্ধারিত সময় অবধি খেলা হলো না। সারাদিনে খেলা হয়েছে ৫৯ ওভার, ভারতের সংগ্রহ ৮ উইকেটে ২০৮।
টস জিতে প্রোটিয়া-বাহিনী ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ভারত। অর্ধশতরান হাঁকিয়ে দলের মধ্যে সর্বাধিক রান করে দিনের শেষে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল। কাগিসো রাবাডা নিলেন ৫ উইকেট।

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ২৬ ওভারে ৩ উইকেটে ৯১। দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই ৯২ রানে পড়ে চতুর্থ উইকেটটি। প্রথম সেশনে ১১.১ ওভারে ভারত ২৪ রানে তিন উইকেট হারিয়েছিল। রোহিত শর্মা ১৪ বলে ৫, যশস্বী জয়সওয়াল ৩৭ বলে ১৭ ও শুভমান গিল ১২ বলে ২ রান করে আউট হন।
এরপর বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। শ্রেয়স আইয়ার ৩টি চার ও ১টি ছয়ের সৌজন্যে ৫০ বলে ৩১ রান করে আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ২৭ ওভারে ৪ উইকেটে ৯২। ৩১ ওভারের শেষে বিরাট কোহলি ৬৪ বলে ৩৮ রান করে আউট হন। কোহলির ইনিংসে রয়েছে পাঁচটি বাউন্ডারি।
৩৫তম ওভারের শেষ বলে রবিচন্দ্রন অশ্বিনের উইকেট হারায় ভারত। অশ্বিন ১১ বলে ৮ করে আউট হন, ভারত ষষ্ঠ উইকেটটি হারায় ১২১ রানে। শার্দুল ঠাকুর তিনটি চারের সাহায্যে ৩৩ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরলে ভারতের স্কোর দাঁড়ায় ৪৬.২ ওভারে ৭ উইকেটে ১৬৪। ৫৪.৩ ওভারে ১৯১ রানে পড়ে অষ্টম উইকেট। জসপ্রীত বুমরাহ ১৯ বল খেলে ১ রান করেন।
দ্বিতীয় সেশন ভারত শুরু করেছিল ৩ উইকেটে ৯১ রান নিয়ে, চা বিরতিতে স্কোর দাঁড়ায় ৫০ ওভারে ৭ উইকেটে ১৭৬। লোকেশ রাহুল এই টেস্ট খেলছেন উইকেটকিপার হিসেবে। সতীর্থদের ব্যর্থতা ঢেকে তিনি লড়াকু অর্ধশতরান করলেন। সঙ্গীর অভাব বাধা হয়ে না দাঁড়ালে শতরানও পেতেই পারেন। এখন তিনিই দলের ভরসা।
সাতটি চার ও ২টি ছয়ের সাহায্যে রাহুল ৮০ বলে টেস্ট কেরিয়ারের ১৪তম অর্ধশতরান পূর্ণ করলেন। সেঞ্চুরিয়নে তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে ২০১৮ সালে টেস্ট সিরিজে ১০, ৪, ১২৩ ও ২৩ রান করেছিলেন। সুপারস্পোর্ট পার্কে তিনি এদিন অপরাজিত রয়েছেন ১০৫ বলে ৭০ রানে। ১০টি চার ও ২টি ছয় মেরেছেন। ক্রিজে রয়েছেন মহম্মদ সিরাজ ১০ বলে ০ রানে।
কাগিসো রাবাডা চোট সারিয়ে মাঠে ফিরেই বিধ্বংসী ছন্দে। ১৭ ওভারের ৩টি মেডেন, ৪৪ রান খরচ করে তিনি নেন পাঁচ উইকেট। তাঁর শিকার হলেন রোহিত, বিরাট, শ্রেয়স, অশ্বিন ও শার্দুল। ৪টি মেডেন-সহ ১৫ ওভারে ৫০ রান খরচ করে ২টি উইকেট দখল করেন নান্দ্রে বার্গার। এটি তাঁর অভিষেক টেস্ট। ১টি মেডেন-সহ ১৫ ওভারে ৫২ রান দিয়ে ১ উইকেট ঝুলিতে পুরেছেন মার্কো জানসেন।












Click it and Unblock the Notifications