SA vs IND 1st Test: ভারত-দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্টে কেমন হবে দুই দলের একাদশ? নজিরের অপেক্ষায় কারা?
SA vs IND 1st Test: সেঞ্চুরিয়নে কাল থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট। যদিও বৃষ্টির কারণে প্রথম দিনের তিন সেশনই ধুয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ বৃষ্টিতে অনুশীলন করতে পারেনি কোনও দলই।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক দক্ষিণ আফ্রিকার কাছে কার্যত দুর্গ। এখানে ২৮টি টেস্টের ২২টিতেই জিতেছে প্রোটিয়ারা। যদিও সর্বশেষ সফরে এখানেই দক্ষিণ আফ্রিকাকে ভারত ১১৩ রানে হারিয়েছিল। যদিও শেষ অবধি সিরিজ জিততে পারেনি।

দক্ষিণ আফ্রিকায় যতগুলি স্টেডিয়াম রয়েছে তার মধ্যে গতিময় পিচের তালিকায় প্রথম সারিতেই রয়েছে সুপারস্পোর্ট পার্ক। তার উপর বৃষ্টি, মেঘলা আকাশের কারণে পিচ ঢাকা দীর্ঘ সময় ধরে। ফলে খেলা শুরু হলে পেসারদেরই দাপট দেখানোর সম্ভাবনা রয়েছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা ইতিমধ্যেই জানিয়েছেন, সেরা সাফল্য সুনিশ্চিত করতে তাঁরা মুখিয়ে।
ভারতীয় দল কোন কম্বিনেশনে নামবে তা নির্ভর করছে মূলত আবহাওয়ার উপরেই। মেঘলা আবহাওয়ায় টেস্টের অনেকটা সময় খেলা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ভারত এক স্পিনার নিয়েও নামতে পারে। ফলে রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে থাকতে হতে পারে। যদিও জাদেজা ও অশ্বিনের প্রশংসা এদিন করেছেন রোহিত।
ভারত দুই স্পিনারে নামলে জাদেজা ও অশ্বিন থাকবেন। নয়তো পেসার বাড়াতে চাইলে অলরাউন্ডার শার্দুল ঠাকুর জায়গা করে নিতে পারেন ভারতের একাদশে। চূড়ান্ত দলে জায়গা পাওয়ার আরেক লড়াই চলছে মুকেশ কুমার ও প্রসিদ্ধ কৃষ্ণর মধ্যে। প্রসিদ্ধের অভিষেকের সম্ভাবনা রয়েছে। প্রসিদ্ধকে খেলানো না হলে মুকেশই মাঠে নামবেন।
দক্ষিণ আফ্রিকা পূর্ণশক্তির বোলিং আক্রমণ নিয়েই নামছে। চোট সারিয়ে ফিরেছেন কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি। ভারত ২০২১-২২-এ যে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল তাতে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছিলেন কিগান পিটারসেন। তবে একাদশে জায়গা পাওয়ার নিরিখে তাঁর লড়াই টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ডেভিড বেডিংহ্যামের সঙ্গে।
রবিচন্দ্রন অশ্বিন যদি দুটি টেস্ট খেলেন তাহলে ৫০০ টেস্ট উইকেটের ক্লাবে নাম লেখাতে পারেন। এই মাইলস্টোন স্পর্শ করতে অশ্বিনের দরকার ১১ শিকার। শুভমান গিলের টেস্টে ১০০০ রান পূর্ণ করতে লাগহবে ৩৪ রান। এই সিরিজে ১৩ উইকেট পেলে কেশব মহারাজ টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বাধিক উইকেটশিকারী হয়ে যাবেন হিউ টেফিল্ডকে পিছনে ফেলে।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- ডিন এলগার, এইডেন মার্করাম, টনি ডি জর্জি, তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম বা কিগান পিটারসেন, কাইল ভেরেইন (উইকেটকিপার), মার্কো জানসেন, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।












Click it and Unblock the Notifications