SA vs IND: ভারতের জার্সি গায়ে ফের টি২০ ফরম্যাটে দেখা যাবে রোহিতকে? হিটম্যান দিলেন বিরাট ইঙ্গিত
SA vs IND 1st Test: বিশ্বকাপের ফাইনালে ভারতের পরাজয়ের পর রোহিত শর্মা আজই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন সেঞ্চুরিয়নে। বুঝিয়ে দিলেন, বিশ্বকাপের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে সকলেই প্রত্যয়ী।
বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর দেশের মাটিতে অজিদের বিরুদ্ধে সাদা বলের সিরিজে এবং দক্ষিণ আফ্রিকায় টি২০ ও একদিনের আন্তর্জাতিক সিরিজে খেলেননি হিটম্যান।

রোহিত শর্মা, বিরাট কোহলিরা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে ছুটির আবেদন করেছিলেন। তা মেনে নিয়ে ওই সিরিজগুলিতে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছিল। গত সপ্তাহেই রোহিত পৌঁছন দক্ষিণ আফ্রিকায়। টেস্ট সিরিজের আগে ভারতীয় দল যে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছে তাতেও নেতৃত্ব দেন হিটম্যান।
প্রিটোরিয়ার পর সেঞ্চুরিয়নেও ভারতীয় দলের অনুশীলনে চেনা মেজাজেই পাওয়া গিয়েছে রোহিতকে। তিনি এদিনই জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত যেহেতু টেস্ট সিরিজ জেতেনি, সেই অপ্রাপ্তি এবারই ঘোচাতে মুখিয়ে রয়েছেন দলের প্রত্যেকে। বড় সিরিজ জিতে ইতিহাস গড়াই লক্ষ্য।
দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর ভারত তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ। যার পরেই শুরু হয়ে যাবে আইপিএল। আইপিএল শেষ হওয়ার পর টি২০ বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতীয় নির্বাচকরা চাইছেন রোহিতই টি২০ বিশ্বকাপে নেতৃত্ব দিন।
সূর্যকুমার যাদব গোড়ালির চোটের কারণে, হার্দিক পাণ্ডিয়া ফিটনেসজনিত কারণে আফগানদের বিরুদ্ধে সিরিজে নেই। আঙুলের চোট মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কেও। ২০২২ সালের টি২০ বিশ্বকাপ থেকে বিদায়ের পর রোহিত, বিরাটরা দেশের হয়ে টি২০ খেলেননি। তবে রোহিত দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন বলে জল্পনা ছিল।
যদিও হিটম্যান সেই সিরিজ থেকেও সরে দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে তরতাজা হওয়ার পথেই হাঁটেন। ফলে অস্ট্রেলিয়া সিরিজের পর প্রোটিয়াদের বিরুদ্ধেও নেতৃত্ব দেন সূর্য। ঋতুরাজ ভারতকে নেতৃত্ব দেন এশিয়ান গেমসে। তাঁদের অনুপস্থিতিতে রোহিত ফের টি২০ আন্তর্জাতিকে দেশের ক্যাপ্টেন্সির ব্যাটন ফেরত পেতে পারেন বলে খবর।
রোহিত আজ নিজের টি২০ আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, সব সময়ই ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে থাকি। সকলেই ভালোই খেলতে চান। সুযোগ এলে আমরা ভালো কিছু করতে চাই। তবে আপনারা যে প্রশ্নের উত্তরটি চাইছেন তার জবাব শীঘ্রই মিলবে। ফলে এদিনও নিজের পরিকল্পনা খোলসা করলেন না হিটম্যান।
রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করেছে। যদিও হার্দিক এবারের আইপিএলেও সব ম্যাচ খেলতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। কেন না, চোট সারিয়ে আইপিএলে হার্দিক যদিও কামব্যাক করেন, তাহলেও টি২০ বিশ্বকাপের জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টিও থাকবে। এই পরিস্থিতিতে অভিজ্ঞ রোহিতেরই টি২০ বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করা উচিত বলে মনে করছেন অনেক প্রাক্তনই।












Click it and Unblock the Notifications