SA vs IND: ভারত ও দক্ষিণ আফ্রিকার একাদশে থাকতে পারেন কারা? টি২০ সিরিজের খেলা দেখবেন কীভাবে?
SA vs IND: কাল ডারবানের কিংসমিডে চার ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা খেলতে নামছে ভারতের বিরুদ্ধে। টি২০ বিশ্বকাপ ফাইনালের বদলা নেওয়ার সুযোগ প্রোটিয়াদের।
টি২০ বিশ্বকাপ জেতার পর ভারত টি২০ সিরিজ জিতেছে জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে বড় পরীক্ষা সূর্যকুমার যাদবের দলের সামনে।

টি২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যে দল খেতাব জিতেছিল তার অনেকেই এই সিরিজে নেই। ফাইনালের একাদশে থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিং। দক্ষিণ আফ্রিকা দলে নেই কুইন্টন ডি কক, কাগিসো রাবাডা, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি।
১৫ মাস দূরে পরবর্তী টি২০ বিশ্বকাপ। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ফলে এই সিরিজ দুই দলের কাছেই নিজেদের শক্তি যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যতই পরবর্তী টি২০ বিশ্বকাপ ভারতের মাটিতে হোক না কেন। টি২০ বিশ্বকাপ ফাইনালের পর দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের কাছে ০-৩ ব্যবধানে টি২০ সিরিজ হেরেছে, আয়ারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেছে।
ভারতীয় দলের হয়ে কাল অভিষেক হতে পারে রামনদীপ সিংয়ের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে একটিও ম্য়াচ না খেলা অক্ষর প্যাটেলও কাল ভারতের একাদশে থাকবেন। দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হতে পারে অলরাউন্ডার আন্ডিল সিমেলেন ও লেগস্পিনার নকুয়াবা পিটারের। ডারবানের সিমেলেন ঘরোয়া ক্রিকেট বেশি খেলেছেন কিংসমিডেই।
Trophy Unveiling ✅
— BCCI (@BCCI) November 7, 2024
Captains Photoshoot ✅#SAvIND | #TeamIndia | @surya_14kumar pic.twitter.com/9luB04GoLW
গত বছর এই ডারবানেই তিনটি টি২০ আন্তর্জাতিকের তিনটিতেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। হাই স্কোরিং মাঠ কিংসমিডে প্রথম ইনিংসের গড় স্কোর ১৮৪। কালকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। গত ডিসেম্বরে ডারবানে ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ দ্বৈরথ ধুয়ে গিয়েছিল বৃষ্টিতেই।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত ৯টি টি২০ আন্তর্জাতিক খেলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। জিতেছে ৬টিতে, হার তিনটিতে। কালকের ম্যাচটি ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় শুরু। স্পোর্টস এইট্টিন ১ ও স্পোর্টস এইট্টিন ১ এইচডি চ্যানেলে ম্যাচটি সম্প্রচারিত হবে। খেলা দেখা যাবে জিওসিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে।
ভারতের সম্ভাব্য একাদশ- সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, রামনদীপ সিং, অক্ষর প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- রিজা হেন্ডরিকস, রায়ান রিকেলটন (উইকেটকিপার), এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন বা জেরাল্ড কোয়েটজি, আন্ডিল সিমেলেন, নকুয়াবা পিটার, কেশব মহারাজ, অটনিয়েল বার্টম্যান।












Click it and Unblock the Notifications