Ruturaj Gaikwad: মাহির থেকেই পেয়েছেন নেতৃত্বের দীক্ষা, এশিয়াডের আগে অধিনায়কত্ব নিয়ে জানালেন নিজের ভাবনা
আয়ারল্যান্ড সফরে জসপ্রীত বুমরাহের ডেপুটি হিসাবে কাজ করছেন, ব্যাট হাতে নজরও কাড়ছেন ঋতুরাজ গাইকোয়াড়। এরপর এশিয়ান গেমসে তাঁর নেতৃত্বেই খেলতে যাবে টিম ইন্ডিয়া। নেতৃত্বের বড় পরীক্ষা ঋতুরাজের। অধিনায়কত্বের ভার পেয়েও আত্ম বিশ্বাসী ঋতুরাজ কারণ তাঁর সঙ্গে রয়েছে ধোনির দীক্ষা।সিএসকে দলে খেলার সুবাদে মাহির সান্নিধ্য পেয়েছেন, ফলে মাহির নেতৃত্বের গুণাবলী শিখে নিতে ভুল করেননি ঋতুরাজ।
নেতা ধোনির থেকে কী কী শিখেছেন? আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের পর সেই অজানা কাহিনিই ফাঁস করলেন ভারতীয় দলের সহ অধিনায়ক। ঋতুরাজ বলেন, 'আমি মনে করি নেতৃত্বের ভূমিকায় সৎ থাকাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মাহি ভাই সবসময় যেটা বলেন তা হল একটা সময় একটা খেলা নিয়েই শুধু ভাবো। শুধু বর্তমান মুহুর্তের সঙ্গে থাকো, ভবিষ্যতের জন্য খুব বেশি চিন্তা কর না।'

একইসঙ্গে ঋতুরাজ আরও উল্লেখ করেছেন, 'সবাই হাইপ তৈরি করে, কিন্তু আমি তাতে বিচলিত বা প্রভাবিত হই না। আমি এমন ব্যক্তি নই যে সত্যিই সোশ্যাল মিডিয়া দেখে এবং আমার সম্পর্কে কেউ কী বলছে তা শুনে প্রভাবিত হবো। আমি মনে করি এটি এমন একটি বৈশিষ্ট্য যা আমি সিএসকেতে শিখেছি। আমি মাঠে আমার সেরাটা দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকি।'

এখনও ভারতীয় দলকে নেতৃত্ব দেননি। তবে ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের পুঁজি রয়েছে তাঁর। সেটাকে সম্বল করেই এগোতে চান ঋতুরাজ। তাঁর কথায়, '"আমার কাছে নেতৃত্ব হচ্ছে দশজন খেলোয়াড়কে সর্বোচ্চ আত্মবিশ্বাস দেওয়া। যারা খেলছে তাঁরা কী করছে তা নিয়ে ভাবি। কখনও কখনও ব্যাটসম্যান এবং বোলারদের নিজস্ব পরিকল্পনা থাকে, তারা সত্যিই তাদের দৃষ্টিকোণ থেকে খেলা সম্পর্কে চিন্তা করে। সেটাকে গুরুত্ব দেওয়াও অধিনায়কের দায়িত্ব।'
আয়ারল্যান্ডর বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড় ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৫৮ করে সাজঘরে ফেরেন। হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৩৯ বলে।

ডাবলিনে আইরিশদের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। ১৬ বলে ১৯ রানে অপরাজিত থাকেন তিনি। এই ১৯ রানের মধ্যে ঋতুর ব্যাটে ১টি চার ও ১টি ছয়ও এসেছিল।আসন্ন এশিয়ান গেমসে নেতৃত্বের ভারও তুলে দেওয়া হয়েছে ঋতুরাজের উপর। আসন্ন এশিয়াড বড় পরীক্ষা অধিনায়ক ঋতুরাজের কাছে।












Click it and Unblock the Notifications