Royal Challengers Bangalore: ব্যাঙ্গালোরে বিরাট কাণ্ড! ছাঁটাই হলেন কোহলিদের দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য
Royal Challengers Bangalore: সারা দেশের রাজনীতির নজর এখন ব্যাঙ্গালোরের দিকে। বাগিচা শহরে বিরোধী দলগুলির বৈঠক ঘিরে সরগরম কর্ণাটকের এই রাজধানী শহর। এরইমধ্যে নিঃশব্দ বিপ্লব ঘটে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে। কোচিং স্টাফে বড় সড় বদল আনছে বিরাট কোহলিদের দল।
দুই গুরুত্বপূর্ণ সদস্যকে ছেঁটে ফেলল আরসিবি। একজন হলেন কোচ সঞ্জয় বাঙ্গার ও অন্যজন দলের ডিরেক্টর মাইক হেসন। ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বাঙ্গার । তাঁর সঙ্গে কোহলির সু সম্পর্কের কথাই শোনা যায়। ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পরই আরসিবি শিবিরে যোগ দেন বাঙ্গার। দলের দায়িত্বে বেশ কয়েক মরসুম থাকলেও সেভাবে সাফল্য দিতে পারেননি।

অন্যদিকে ডিরেক্টর মাইক হেসন আরসিবির পুরুষ ও মহিলা উভয় টিমেরই দায়িত্বে ছিলেন। দলের লাগাতার ব্যর্থতার জেরে দু'জনকেই লাল কার্ড দেখিয়েছে ব্যাঙ্গালোরের ফ্র্যাঞ্চাইজিটি। তাঁদের সঙ্গে চুক্তি পুণঃনবীকরনের পথে হাঁটছে না ব্যাঙ্গালোর দল।
আরসিবি-তে বাঙ্গার কোচ থাকাকালীনই বিরাট নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন। তার পর থেকে ফ্যাফ ডুপ্লেসি অধিনায়কত্বের দায়িত্ব নেন। যদিও এ বারের আইপিএলে বেশ কিছু ম্যাচে বিরাট নেতৃত্ব দিয়েছিলেন। সেই ম্যাচগুলিতে ডুপ্লেসিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল।

বরাবরই তারকা খচিত দল গড়ে ব্যাঙ্গালোর। কিন্তু কোনওবারই চ্যাম্পিয়নশিপের স্বাদ পায়নি দলটি। দক্ষিণী ফ্র্যাঞ্চাইজি দলটি আইপিএল শিরোপা জিততে মুখিয়ে রয়েছে। তারা শুরু থেকে আইপিএল খেললেও, এখনও শিরোপা জয়ের স্বাদ পায়নি। প্রতিবারই ব্যর্থতাই সঙ্গী হয়েছে তাদের।
সদ্য সমাপ্ত ২০২৩ সালের আইপিএলে প্লে-অফেও উঠতে পারেনি। ছয় নম্বরে শেষ করেছিল। যে কারণে ২০২৪ মরসুমে কোচ বদলে ভাগ্য বদলাতে চাইছে আরসিবি। বেঙ্গালুরুর দল এমন কাউকে চাইছে যিনি নতুন ভাবনা আনতে পারবেন। ট্রফি জেতার জন্য মরিয়া আরসিবি। ২০২৩ সালে কোহলি রান পেলেও প্লে-অফে উঠতে পারেনি দল। এ বার ভারতীয় কোচ না কি বিদেশি কাউকে দায়িত্ব দেওয়া হবে তা স্পষ্ট নয়।

আই্পিএল শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। এরইমধ্যে ঘর গুছানোর কাজ শুরু করে দিয়েছে দলগুলি। লখনউ সুপার জায়ান্টস অ্যান্ডি ফ্লাওয়ারের পরিবর্তে অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার এবং কোচ জাস্টিন ল্যাঙ্গারকে তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে। কলকাতা নাইট রাইডার্স সম্ভবত প্রধান কোচ হিসেবে চন্দ্রকান্ত পণ্ডিতকেই রেখে দিচ্ছেন। সহকারী পরিবর্তন হচ্ছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।












Click it and Unblock the Notifications