বিরাটদের আরসিবি খেল বড় ধাক্কা! চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন ৩.২ কোটি টাকার অলরাউন্ডার
আইপিএল শুরুর আগে ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত ডিসেম্বরে নিলাম থেকে ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসকে দলে নিয়েছিল আরসিবি। তাঁকে কিনেছিল ৩.২ কোটি টাকার বিনিময়ে। সেই জ্যাকস চোটের কারণে ছিটকে গেলেন আইপিএল থেকে। তাঁর বিকল্পের সন্ধান শুরু করেছে ফাফ দু প্লেসির নেতৃত্বাধীন দল।

আইপিএলের আগে যে মিনি অকশন হয়েছিল তখনও স্পষ্ট ছিল না গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলে খেলতে পারবেন কিনা। পা ভাঙার পর অস্ত্রোপচার হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনের পর ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করছেন ম্যাক্সওয়েল। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তিনি আইপিএলের সব ম্যাচ খেলতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।
মিডল অর্ডারে ম্যাক্সওয়েলের বিকল্প ভেবেই জ্যাকসকে দলে নিয়েছিল আরসিবি। মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকটি জিতেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ফিল্ডিং করতে গিয়েই পেশিতে চোট রান। স্ক্যান রিপোর্টের জেরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তিনি আইপিএল থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন। ইংল্যান্ডের হয়ে ২টি করে টেস্ট, ওডিআই ও টি ২০ খেলেছেন। রান করেছেন যথাক্রমে ৮৯, ২৭ ও ৪০। টেস্টে ৬টি ও ওডিআইয়ে ১টি উইকেট আছে।
১০৯টি টি ২০ ম্যাচে জ্যাকস ২৮০২ রান করেছেন, ১টি শতরান ও ২৩টি অর্ধশতরান রয়েছে। ২৬টি উইকেটও পেয়েছেন। অক্টোবরে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ। বিশ্বকাপের ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়ার জন্য আইপিএলে নজর কাড়ার সুযোগ ছিল। ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগও হাতছাড়া হলো। জ্যাকসের পরিবর্ত হিসেবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে নিতে চাইছে আরসিবি। তিনি আগে আইপিএলে খেলেননি। নিলামে অবিক্রিত ছিলেন। জ্যাকসের সারের সতীর্থ রিস টপলি আরসিবির প্রথম ম্যাচের আগে ফিট হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications