SL vs IND: রোহিত ও বিরাটকে বাইরে রেখেই শ্রীলঙ্কা সফরের দল? অধিনায়কত্বের দৌড়ে কারা?
SL vs IND: চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত। তিনটি টি২০ আন্তর্জাতিক খেলার পর অগাস্টে শুরু তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ।
রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিলেও খেলবেন টেস্ট ও ওডিআইয়ে। কিন্তু রোহিত ও বিরাটকে বাইরে রেখেই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণার সম্ভাবনা।

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মাই যে নেতৃত্ব দেবেন তা বলে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাতে গোনা ওডিআই রয়েছে ভারতের। যদিও তার প্রথম তিনটিতেই খেলবেন না ভারতীয় দলের দুই কিংবদন্তি।
সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, রোহিত ও বিরাট টি২০ বিশ্বকাপ জেতার পর বিসিসিআইয়ের কাছে বড় ছুটি চেয়েছেন। রোহিত টানা ৬ মাস ধরে টানা খেলেছেন। ডিসেম্বর-জানুয়ারির দক্ষিণ আফ্রিকা সফরের পর জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ, আইপিএল ও বিশ্বকাপে নেমেছেন রোহিত।
বিসিসিআই সূত্রের দাবি, রোহিত ও বিরাট দুজনেই ওডিআই দলে অটোমেটিক চয়েস। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ তাঁদের অনুশীলনের পক্ষে যথেষ্ট। সেপ্টেম্বর থেকে জানুয়ারিতে ভারতের ১০টি টেস্ট রয়েছে। আগামী কয়েক মাস রোহিত ও বিরাট দুজনেই টেস্টকে অগ্রাধিকার দিতে চাইছেন।
ভারত দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে ২টি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলার পর পাঁচ টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া যাবে। নির্বাচকরা রোহিত ও বিরাটের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর আরও বেশি গুরুত্ব আরোপ করতে চাইছেন।
এখনও অবধি রোহিত ও বিরাট শ্রীলঙ্কায় ওডিআই খেলবেন না বলেই স্থির রয়েছে। তবে তাঁরা মত বদলালে স্বাগত। রোহিতের অনুপস্থিতিতে হার্দিক পাণ্ডিয়া বা লোকেশ রাহুলকে অধিনায়ক করতে পারেন নির্বাচকরা। রাহুল দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআইয়ে নেতৃত্ব দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications