রোহিতের শতরান, ব্যাটেও দাপট জাদেজা-অক্ষরের, ভারত নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে চূর্ণ করার মুখে
রোহিত শর্মা আউট হয়েছেন ১২০ রান করে। অর্ধশতরান হাঁকিয়ে অপরাজিত রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। ভারত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ১৪৪ রানে, হাতে তিন উইকেট।
নাগপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতকে আর ব্যাট কি করতে হবে? ভিসিএ স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফির যা গতিপ্রকৃতি তাতে এই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ইতিমধ্যেই ১৪৪ রানের লিড নিয়েছে ভারত। হাতে এখনও তিনটি উইকেট। রোহিত শর্মার শতরানের পর অর্ধশতরান হাঁকিয়ে ব্যাটিং করছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।

মিডল অর্ডার ব্যর্থ
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৭৭ রানের জবাবে আজ ১ উইকেটে ৭৭ রান নিয়ে খেলতে নামে ভারত। মধ্যাহ্নভোজের বিরতিতে স্কোর ছিল ৩ উইকেটে ১৫১। রবিচন্দ্রন অশ্বিন ২৩ ও চেতেশ্বর পূজারা ৭ রানে আউট হন। বিরাট কোহলি ১২ রানের বেশি করতে পারেননি। সূর্যকুমার যাদব ফেরেন ৮ রানে। ১৬৮ রানে ৫ উইকেট পড়ে যায় ভারতের। তখন সকলেই দ্বিধায় ছিলেন ভারত কি তাহলে বড় লিড আদায় করতে পারবে না?

রোহিতের শতরান
সেই ধারণা অমূলক করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। এরই মধ্যে রোহিত শর্মা কেরিয়ারের নবম টেস্ট শতরান পূর্ণ করেন। হিটম্যানকে শেষ অবধি বোল্ড করে দেন প্যাট কামিন্স। ১৫টি চার ও ২টি ছয়ের সাহায্যে রোহিত করেন ২১২ বলে ১২০। অভিষেক টেস্টে ১০ বলে ৯ রানের বেশি করতে পারেননি উইকেটকিপার শ্রীকার ভরত। ৮৩.১ ওভারে ২৪০ রানে ভারতের সপ্তম উইকেট পড়েছিল।
|
ব্যাটে-বলে কামাল জাদেজার
এরপর আর ভারতকে কোনও উইকেট হারাতে হয়নি। অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে রবীন্দ্র জাদেজা দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ৫ মাস পর দেশের হয়ে খেলতে নেমে বল হাতে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। এবার তিনি এগিয়ে চলেছেন শতরানের দিকে। ১১৪ বলে অর্ধশতরান পূর্ণ করার পর জাদেজা অপরাজিত রয়েছেন ১৭০ বলে ৬৬ রানে। তিনি ৯টি চার মেরেছেন। টেস্ট ক্রিকেটে এটি তাঁর ১৮তম অর্ধশতরান। টেস্টে চতুর্থ শতরানটি তিনি পাবেন কিনা সেদিকে নজর থাকবে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে অর্ধশতরান পূর্ণ করার পর জাদেজার চেনা সোর্ড সেলিব্রেশন।

অক্ষরও ভরসা দিচ্ছেন
রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে ভারতকে ব্যাট হাতে ভরসা দিচ্ছিলেন অক্ষর প্যাটেল। এবার জাদেজাকে যোগ্য সঙ্গত দিয়ে আরও একবার ব্যাটিং দক্ষতার প্রমাণ দিলেন অক্ষর। তিনি এদিন টেস্ট কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরানটি পূর্ণ করলেন ৯৪ বলে। দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ১০২ বলে ৫২ রানে। মেরেছেন ৮টি চার। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর গিয়ে পৌঁছেছে ৭ উইকেটে ৩২১ রানে।

হারের ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার সফলতম বোলার টড মার্ফি। অভিষেক টেস্টে তিনি পাঁচটি উইকেট নিয়েছেন। লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও শ্রীকার ভরতকে আউট করেছেন মার্ফি। তাঁর বোলিং ফিগার ৩৬ ওভার ৯ মেডেন ৮২ রান খরচ করে ৫ উইকেট। নাথান লিয়ঁ ৩৭ ওভার করেছেন, মেডেন ১০টি, ৯৮ রান দিয়ে তিনি একটি উইকেট পেয়েছেন। প্যাট কামিন্স পেয়েছেন একটি উইকেট। ভারতের লিড ইতিমধ্যেই ১৪৪। ভারতীয় বোলাররা যে ফর্মে রয়েছেন তাতে ইনিংস জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।












Click it and Unblock the Notifications