Rohit Sharma: অটোগ্রাফের সঙ্গে পুলিশের জন্য মন ছুঁয়ে যাওয়া বার্তাও লিখলেন, মাঠের বাইরে রোহিতের কীর্তি ভাইরাল
ক্রীড়াবিদ হোন বা অভিনেতা, সেলেব্রিটিদের সামনে পেলে অটোগ্রাফ বা বর্তমানে সেলফির আবদার অনেকেই করেন। অনেক ভক্তই হাতের সামনে তাঁদের প্রিয় তারকাকে পেলেই কাগজ, পেন এগিয়ে দেন। সেলেব যদি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হন তাহলে তো কথাই নেই। তাঁকে সামনে পেলে সুযোগ কেউবা ছাড়ে। সেটা সাধারণ মানুষ হোন বা কর্তব্যে থাকা পুলিশ।
আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচ খেলতে ইন্দোরে গিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ০ রানে আউট হলেও মাঠের বাইরে একটি দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সেই কীর্তি সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। কী এমন করলেন হিটম্যান? রোহিতের কীর্তি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন ইন্দোরের ট্র্যাফিক পুলিশ রঞ্জিত সিং। রাস্তায় ট্র্যাফিক পরিচালনা করার সময় তাঁর মুনওয়াকিং নাচের পদক্ষেপের জন্য পরিচিত হয়েছিলেন। রঞ্জিত সিং ইন্দোর সফরে থাকার সময় রোহিতের সঙ্গে দেখা করেছিলেন এবং ভারত অধিনায়কের অটোগ্রাফের অনুরোধ করেছিলেন। রোহিত অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি লিখেছেন, 'আপনার এনার্জির প্রতি ভালোবাসা রইলি, আপনার অনেক সাফল্য কামনা করি।'
সমাজমাধ্যেম গোটা ঘটনাটির বিবরণ দিয়েছেন রঞ্জিত সিং। তিনি লিখেছেন, 'ভারতীয় দল যখন শেষবার ইন্দোরে এসেছিল, আমি ভারতের অধিনায়ক রোহিত শর্মা জির সঙ্গে দেখা করি। আমি তাঁকে তার অটোগ্রাফের জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু দায়িত্বের কারণে তাঁর থেকে অটোগ্রাফ নিতে পারিনি, কিন্তু ক্যাপ্টেন এটা মনে রেখেছেন।'
একইসঙ্গে ইন্দোরের ট্র্যাফিক পুলিশ আরও উল্লেখ করেছেন, ' এবার ইন্দোর থেকে ফিরে যাওয়ার সময় রোহিত শর্মা তাঁর অটোগ্রাফ এবং আমার প্রতি তাঁর ভালবাসা কথায় লিখে ড্রাইভার স্যারকে দিয়ে বলে এই পাগল রঞ্জিতকে দিতে। আন্তরিক ধন্যবাদ ক্যাপ্টেন স্যারকে আপনার ভালোবাসার জন্য, একজন খেলোয়াড় শুধুমাত্র খেলাধুলা দিয়েই মহান হয় না, একই ধরনের চিন্তা তাকে মহান করে তোলে।'
বুধবার বেঙ্গালুরুতে সিরিজের শেষ টি২০ ম্যাচ খেলতে নামছে ভারত।












Click it and Unblock the Notifications