ভারতের ১০০০তম একদিনের আন্তর্জাতিকে নেতৃত্বে রোহিত! মাইলস্টোন ম্যাচগুলিতে কারা ছিলেন ক্যাপ্টেন?
আমেদাবাদে ৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐতিহাসিক একদিনের আন্তর্জাতিক ম্যাচটি খেলতে নামছে ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে ১০০০তম একদিনের আন্তর্জাতিক খেলবে মেন ইন ব্লু। এখনও অবধি ৯৯৯টি একদিনের আন্তর্জাতিকে ভারত জিতেছে ৫১৮টি ম্যাচ, হেরেছে ৪৩১টিতে, টাই ৯টি, পরিত্যক্ত বা বাতিল হয়েছে ৪১টি ম্যাচ। সাফল্যের শতকরা হার ৫৪.৫৪ শতাংশ।

ভারত ছাড়াও একদিনের আন্তর্জাতিকে ৯০০-র উপর ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া (৯৫৮) ও পাকিস্তান (৯৩৬)। সাফল্যের শতকরা হারে অবশ্য এগিয়ে দক্ষিণ আফ্রিকা (৬৩.৭৫ শতাংশ)। এরপর অস্ট্রেলিয়া (৬৩.৩৬ শতাংশ), তার পরেই রয়েছে ভারত। ১৯৭৪ সালে ভারতকে প্রথম একদিনের আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন অজিত ওয়াদেকর, ইংল্যান্ডের বিরুদ্ধে। ৯৯৯তম ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দিয়েছেন লোকেশ রাহুল। রাহুলের নেতৃত্বে ভারত তিনটি ম্যাচের তিনটিতেই হেরেছে দক্ষিণ আফ্রিকা সফরে। আগামী বছর বিশ্বকাপের কথা মাথায় রেখে দল গঠনের প্রস্তুতি ভারত শুরু করতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই।

তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ভারতকে শততম একদিনের আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন, সেই ম্যাচটি ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতের ২০০ ও ৪০০তম একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক ছিলেন মহম্মদ আজহারউদ্দিন। সচিন তেন্ডুলকর ক্যাপ্টেন ছিলেন ভারতের ৩০০তম একদিনের আন্তর্জাতিকে। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের ৫০০তম একদিনের আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতকে ৬০০তম একদিনের আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন বীরেন্দ্র শেহওয়াগ।

এখনও অবধি ভারত একদিনের আন্তর্জাতিক খেলেছে মোট ২৬ জন অধিনায়কের নেতৃত্বে। ভারতের ৭০০তম ওয়ান ডে-তে ইংল্যান্ডের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সাড়ে সাতশোতম একদিনের আন্তর্জাতিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেতা ছিলেন মাহিই। তাঁর নেতৃত্বেই ভারত ৮০০ ও ৯০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। ধোনি ২০০৭ থেকে ২০১৮ অবধি ভারতকে মোট ২০০টি একদিনের আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ভারত জিতেছে ১১০টিতে, পরাজয় ৭৪টিতে, ৫টি টাই, ১১টি বাতিল বা পরিত্যক্ত, সাফল্যের শতকরা হার ৫৯.৫২ শতাংশ। আজহারের নেতৃত্বে ১৭৪টি, সৌরভের অধিনায়কত্বে ভারত ১৪৬টি একদিনের আন্তর্জাতিক খেলেছে। আজহারের নেতৃত্বে ভারতের ওয়ান ডে জয় ৯০টিতে, পরাজয় ৭৬টিতে, টাই ২টি, সাফল্যের শতকরা হার ৫৪.১৬ শতাংশ। সৌরভের অধিনায়কত্বে ভারত জিতেছে ৭৬টিতে, পরাজয় ৬৫টিতে, সাফল্যের হার ৫৩.৯০ শতাংশ। বিরাট কোহলি ভারতকে ৯৫টি একদিনের আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছেন। ভারতের জয় ৬৫টিতে, পরাজয় ২৭টিতে, টাই ১টি, সাফল্যের হার ৭০.৪৩ শতাংশ।












Click it and Unblock the Notifications