Rohit Sharma: টেস্ট ও ওডিআই থেকে অবসর নিয়ে মুখ খুললেন রোহিত, ভক্তদের দিলেন বিরাট বার্তা
Rohit Sharma: গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হিসেবে নয়া ইনিংস শুরু করবেন শ্রীলঙ্কা সফর থেকে। তবে শ্রীলঙ্কা সফরে বিশ্রামেই থাকবেন রোহিত শর্মা।
রোহিত দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন। ফলে তার আগে গম্ভীরের সঙ্গে রোহিতের জুটি দেখা যাবে না বলেই বিসিসিআই সূত্রে খবর।

শ্রীলঙ্কা সফরের দল নির্বাচন নিয়ে নির্বাচকদের সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠকে বসার কথা গম্ভীরের। ফলে তিনি টি২০ ও একদিনের আন্তর্জাতিকে কেমন দল চাইছেন, সেই ইঙ্গিত মিলতে পারে ওই বৈঠক এবং তারপর দল ঘোষণায়। যদিও শ্রীলঙ্কায় ওডিআই সিরিজে রোহিতের সঙ্গে বিশ্রামে রাখা হতে পারে বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহকে।
ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তার আগে বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। যার উপর নির্ভর করবে ভারত টানা তিনবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে পারে কিনা। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন, এই দুটি টুর্নামেন্ট ভারত জিততে চাইছে রোহিত শর্মার অধিনায়কত্বেই।
টি২০ আন্তর্জাতিক থেকে বিরাট কোহলির পর অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। তবে আপাতত টেস্ট ও ওডিআই থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা যে তাঁর নেই তা স্পষ্ট করে দিলেন হিটম্যান। রোহিত এক অনুষ্ঠানে বলেন, খুব বেশি দূরে তাকাতে চাই না। আমাকে এই দুই ফরম্যাটে আরও কিছুদিন দেখতে পাবেন।
২০২২ সালে রোহিতের নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল অবধি গিয়েছিল। ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছ হেরে যায়। ২০২৩ সালের বিশ্বকাপে দেশের মাটিতে সব ম্যাচ জিতে ফাইনালে উঠেও সেই অজিদের কাছেই হারতে হয়েছিল।
যদিও এবারের টি২০ বিশ্বকাপে অপরাজেয় থেকেই ভারত দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তার আগে অস্ট্রেলিয়াকেও হারিয়েছে। ২০১৩ সালের পর ভারতের প্রথম আইসিসি ইভেন্ট জয়। ২০০৭ সালের পর প্রথমবার টি২০ বিশ্বজয়ের স্বাদ পাওয়া। ২০১১-র পর সাদা বলের ক্রিকেটে বিশ্বজয়।












Click it and Unblock the Notifications