অবসর নেওয়ার কথা মাথায় এসেছিল! কোন সময়ের উল্লেখ করলেন রোহিত শর্মা?
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হৃদয়বিদারক হারের পরই তিনি অবসরের কথা ভেবেছিলেন। গতকাল গুরুগ্রামের 'মাস্টার্স ইউনিয়ন' অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
কারণ রোহিতের তখন মনে হয়েছিল, ক্রিকেট তাঁর কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল। উল্লেখ্য, রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ঘরের মাঠে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে অপরাজেয় থেকে ফাইনালে উঠেছিল। টানা ৯টি ম্যাচ জিতে।

যদিও ফাইনালে অস্ট্রেলিয়া ভারতের বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে দেয়। ম্যাচ জেতানো শতরান হাঁকিয়েছিলেন ট্রাভিস হেড। সেই পরাজয়ের পর নিজের মানসিক অবস্থা বর্ণনা করতে গিয়ে রোহিত বলেন, "২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর আমি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। আর খেলতে চাইছিলাম না, কারণ মনে হয়েছিল ক্রিকেট আমার থেকে যেন সবকিছু কেড়ে নিয়েছে, আমার আর কিছুই বাকি ছিল না।"
তিনি যোগ করেন, "কিছুটা সময় লেগেছিল নিজেকে সামলাতে। বারবার নিজেকে মনে করিয়েছি যে, এটাই আমি মন থেকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা আমার চোখের সামনেই ছিল, এত সহজে ছাড়তে পারতাম না। ধীরে ধীরে নিজের পথে ফিরে এসে, নতুন উদ্যম নিয়ে মাঠে সক্রিয় হই।"
রোহিত আরও জানান, "প্রত্যেকেই ভীষণ হতাশ ছিলেন। যা ঘটেছিল তা বিশ্বাস করতে পারছিলাম না আমরা। ব্যক্তিগতভাবে আমার জন্য সেটি অত্যন্ত কঠিন সময় ছিল, কারণ আমি শুধু দুই-তিন মাস ধরে নয়, ২০২২ সালে অধিনায়কত্ব গ্রহণ করার পর থেকেই সেই বিশ্বকাপের জন্য সর্বস্ব ঢেলে দিয়েছিলাম।"
তিনি বলেন, "আমার একমাত্র লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা, সেটা টি২০ বিশ্বকাপ হোক বা ২০২৩ সালের বিশ্বকাপ। তাই যখন সেটা ঘটেনি, আমি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। আমার শরীরে কোনও শক্তিই অবশিষ্ট ছিল না। নিজেকে সুস্থ করে আগের অবস্থায় ফিরে পেতে আমার দুই মাস সময় লেগেছিল।"
বর্তমানে রোহিত শর্মা টি২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ৫০ ওভারের ফরম্যাট খেলা চালিয়ে যাচ্ছেন। এ বছরই ওডিআই অধিনায়কত্ব থেকে সরলেও, ২০২৭ সালের বিশ্বকাপের মাধ্যমে তিনি নিজের কেরিয়ারের শেষ চেষ্টা করতে আগ্রহী।
আমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে সেই হৃদয়বিদারক হারের এক বছরেরও কম সময়ের মধ্যে রোহিত আমেরিকায় ভারতকে টি২০ বিশ্বকাপ শিরোপা জেতান। ওডিআই বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে রোহিত বলেন, "যখন আপনি কোনও কিছুতে এতটা বিনিয়োগ করেন এবং প্রত্যাশিত ফল না পান, তখন এমন প্রতিক্রিয়া আসা খুবই স্বাভাবিক। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। তবে আমি এটাও জানতাম যে, জীবন এখানেই শেষ নয়। আমি জানতাম ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ আসছে এবং আমার সমস্ত মনোযোগ সেখানেই দিতে হবে।" তবে তিনি স্বীকার করেন, "কথাগুলো এখন বলা সহজ, কিন্তু সেই মুহূর্তে তা ছিল অত্যন্ত কঠিন।"












Click it and Unblock the Notifications