IND vs AFG: রোহিত ভারতের টি২০ অধিনায়ক, আফগানিস্তান সিরিজের দলে বিরাট কোহলিও
IND vs AFG: টি২০ বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধেই একমাত্র টি২০ সিরিজ খেলবে ভারত। আগেই জানা গিয়েছিল, রোহিত শর্মা ও বিরাট কোহলি টি২০ বিশ্বকাপে খেলতে আগ্রহী।
এই দুই মহাতারকাই ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর দেশের হয়ে টি২০ আন্তর্জাতিক খেলেননি। তবে তাঁদের রেখেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্য়াচের টি২০ সিরিজের দল ঘোষণা করলেন নির্বাচকরা।

২০২২ সালের ১০ নভেম্বর টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে পরাস্ত হয়েছিল রোহিত শর্মার ভারত। রোহিত, বিরাট-সহ বেশ কয়েকজন সিনিয়র এরপর দেশের হয়ে আর টি২০ আন্তর্জাতিক খেলেননি। হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব রোহিতের অনুপস্থিতিতে ভারতকে টি২০-তে নেতৃত্ব দিলেও তাঁরা আফগানিস্তান সিরিজের দলে নেই।
হার্দিক ও সূর্য চোট সমস্যা কাটিয়ে মাঠে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন। ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর থেকে হার্দিকই ভারতকে এই ফরম্যাটে সবচেয়ে বেশিবার নেতৃত্ব দিয়েছেন। ২০২৩ সালের বিশ্বকাপে গোড়ালির চোটের কারণে ছিটকে যান হার্দিক। তারপর সূর্য দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরে টি২০ সিরিজে নেতৃত্ব দিয়েছেন ভারতকে।
ভারতীয় ক্রিকেট মহল সূত্রে খবর, ২০২৩ সালের বিশ্বকাপ ও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে গুরুত্ব দিতেই রোহিত, বিরাট টি২০-তে দেশের হয়ে আর খেলেননি। তবে তাঁরা আইপিএলে খেলেছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্ট চলাকালীন নির্বাচক প্রধান অজিত আগরকর টি২০ ভবিষ্যৎ নিয়ে কথা বলেন রোহিত ও বিরাটের সঙ্গে। তখন তাঁরা টি২০ বিশ্বকাপ খেলার বিষয়ে আগ্রহ দেখান।
ভারত-আফগানিস্তান টি২০ সিরিজের ম্যাচগুলি রয়েছে ১১, ১৪ ও ১৭ জানুয়ারি। তারপর ২৫ জানুয়ারি থেকে ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ। যা শেষ হলেই আইপিএল শুরু হয়ে যাবে। আইপিএলের পরেই টি২০ বিশ্বকাপ। টি২০ বিশ্বকাপে রোহিত ও বিরাট খেললে তাঁদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কীভাবে হবে সেটাও দেখার। এই দুই তারকা ফিরলে দলের ভারসাম্য বজায় রাখতে বেশ কিছু রদবদলও জরুরি হবে।
ভারতীয় দলে রয়েছেন সঞ্জু স্যামসন। তবে লোকেশ রাহুলকে রাখা হয়নি। যুজবেন্দ্র চাহালও যে নির্বাচকদের ভাবনায় নেই, দল গঠনে তা স্পষ্ট। যদিও এই দল দেখে টি২০ বিশ্বকাপ সম্পর্কে আঁচ করা ঠিক হবে না। আইপিএলে পারফরম্য়ান্স গুরুত্বপূর্ণ হবে ভারতীয় দল নির্বাচনে। একই কথা প্রযোজ্য রোহিত, বিরাটদের ক্ষেত্রেও।
ভারতের টি২০ দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার।












Click it and Unblock the Notifications