রোহিতের ভারত পড়ল শাস্তির মুখে, নিউজিল্যান্ড সিরিজ জিততে কী বিষয়ে সতর্ক থাকতে হবে?
হায়দরাবাদে নিউজিল্যান্ডকে ১২ রানে প্রথম একদিনের আন্তর্জাতিকে হারিয়েছে ভারত। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ৩ ওভার কম বল করায় ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা ধার্য করলেন ম্যাচ রেফারি।
কাল রায়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলতে নামছে ভারত। বিশ্বের ১ নম্বর দলকে হায়দরাবাদে হাই স্কোরিং ম্যাচে হারিয়ে দিয়েছে রোহিত শর্মার দল। কাল জিতলেই সিরিজ পকেটে চলে আসবে। যদিও রায়পুরে পৌঁছে শাস্তির মুখে পড়ার কথা জানতে পেরেছে মেন ইন ব্লু। ফলে সিরিজ জেতার লক্ষ্যে নেমে সতর্কও থাকতে হবে ভারতীয় দলকে।

হায়দরাবাদ ম্যাচে ভারত জিতেছিল ১২ রানে। একটা সময় মনে হচ্ছিল ভারত ম্যাচ জিতবে সহজেই। যদিও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ ওভার অবধি লড়াই চালায় কিউয়িরা। শুভমান গিলের দ্বিশতরানের দৌলতে ভারত ৩৫০ রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ডকে। মাইকেল ব্রেসওয়েল অনবদ্য শতরান হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ৪৯.২ ওভারে ব্রেসওয়েল শার্দুল ঠাকুরের বলে লেগ বিফোর হলে ৩৩৭ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। সেই ইনিংস আগে গুটিয়ে দিতে পারলে অবশ্য ভারতকে শাস্তির মুখে পড়তে হতো না।
ভারতীয় দলের ৬০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হিসেবে ধার্য করেছেন ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। পুরো ওভার বল করার জন্য যে সময় নির্ধারিত ছিল সেই সময় পর্যন্ত তিন ওভার কম বল করেছিল ভারত। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদে বলা হয়েছে যে, ১ ওভার কম বল করলে প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হবে। যেহেতু এ ক্ষেত্রে ৩ ওভার কম বল করেছে ভারত, ফলে কেটে নেওয়া হয় ৬০ শতাংশ। অন-ফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী ও নীতীন মেনন, তৃতীয় আম্পায়ার কে এন অনন্তপদ্মনাভন ও চতুর্থ আম্পায়ার জয়রামন মদনগোপাল অভিযোগ লিপিবদ্ধ করেন। অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
এদিকে, ভারতের ৫০তম স্টেডিয়ামে এবার হতে চলেছে একদিনের আন্তর্জাতিক ম্যাচ। রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামটি স্থাপিত হয়েছে ২০০৮ সালে। এখানেই কালই প্রথম কোনও ওডিআই হবে। এটি ভারতের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। বিশ্বে চতুর্থ বৃহত্তম। ৪৯ হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। বিক্রি শুরুর ৬ ঘণ্টার মধ্যেই টিকিট নিঃশেষিত। ৪ হাজার আসন বরাদ্দ রয়েছে স্কুলপড়ুয়াদের জন্য। সেই টিকিটের দাম ৩০০ টাকার। ২০১৩ ও ২০১৫ সালে রায়পুরে আইপিএলের খেলা হয়েছিল। দিল্লি ডেয়ারডেভিলসের হোম ভেন্যু ছিল। ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি ২০-র খেলাও হয়েছে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের খেলাও হয়েছে।












Click it and Unblock the Notifications