ইডেনে ফের সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে, দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে কেমন হবে দল?
ইডেনে টি ২০ আন্তর্জাতিকে অপরাজেয় থাকার ধারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে বজায় রেখেছে ভারত। গতকাল প্রথম টি ২০ আন্তর্জাতিকে রোহিত শর্মার দল জিতেছে ৬ উইকেটে, ৭ বল বাকি থাকতেই। কাল জিতলেই সিরিজ পকেটে। রবিবার আবার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কাল ভারত জিতে গেলে যেমন সিরিজের ফয়সালা হয়ে যাবে, তেমনই তৃতীয় ম্যাচে মিলবে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ।
|
প্রথম ম্যাচে জয়
গতকালের ম্যাচে ভারতের জয় আরও সহজ হতেই পারতো। রোহিত শর্মা (১৯ বলে ৪০) ও ঈশান কিষাণ (৪২ বলে ৩৫) ফেরার পর প্রত্যাশা পূরণে ব্যর্থ হন বিরাট কোহলি (১৩ বলে ১৭) ও ঋষভ পন্থ (৮ বলে ৮)। শেষে সূর্যকুমার যাদব ১৮ বলে ৩৪ ও ভেঙ্কটেশ আইয়ার ১৩ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন। অভিষেকেই নজর কাড়েন রবি বিষ্ণোই। চার ওভারে তিনি ২টি উইকেট নেন মাত্র ১৭ রান খরচ করে।

অনিশ্চিত দীপক?
ফিল্ডিং করতে গিয়ে গতকাল হাতে চোট পেয়েছিলেন দীপক চাহার, এরপর ড্রেসিংরুমে ফিরে যান। ফলে তিনি যদি কালকের ম্যাচে খেলতে না পারেন, তাহলে প্রথম একাদশে দেখা যেতেই পারে শার্দুল ঠাকুরকে। ঈশান কিষাণের জায়গায় ঋতুরাজ গায়কোয়াড়কে কাল দেখে নেওয়া হবে কিনা তা নিয়ে চলছে জল্পনা। তবে কলকাতা নাইট রাইডার্সের নবনিযুক্ত অধিনায়ক শ্রেয়স আইয়ারের প্রথম একাদশে আসার সম্ভাবনা নেই বললেই চলে। রোহিত শর্মা গতকালের ম্যাচের পর জানিয়েছেন, শ্রেয়সের মতো ক্রিকেটারকে বাইরে বসিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া কঠিন। তবে দলের প্রয়োজন যাঁদের তাঁদেরই প্রথম একাদশে রাখতে হচ্ছে। আমাদের দলে এমন একজনকে দরকার যিনি মিডল অর্ডারে খেলতে পারেন, আবার বোলিংও করতে পারেন। তবে দলের মধ্যে এমন সুস্থ প্রতিযোগিতা সব সময়ই ভালো।

রোহিতের প্রশংসা সূর্যর
সূর্যকুমার যাদব আবার রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ। রোহিতের আক্রমণাত্মক ব্যাটিংই গড়েছিল শক্ত ভিত। ফিনিশারের ভূমিকা পালন করেন সূর্য ও ভেঙ্কটেশ। সূর্য ম্যাচের পর সাংবাদিকদের বলেন, গোটা বিশ্ব রোহিতের ব্যাটিং দেখছে। তিনি একজন ক্লাস প্লেয়ার। যেভাবে তিনি দেশের হয়ে খেলে আসছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিকে সেভাবেই খেলেছেন। পাওয়ারপ্লেতে যখনই তিনি বুঝে যাচ্ছেন যে ছন্দে আছেন, তার পূর্ণ সদ্ব্যবহার করছেন। দারুণভাবে সেটা করছেন, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।

ভারতের সম্ভাব্য একাদশ
ভারতকে জেতানোর পর তৃপ্ত সূর্যকুমার প্রশংসা করেছেন ভেঙ্কটেশ আইয়ারের। প্রথম বলেই বাউন্ডারি নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়ায় তাঁর। সেই পজিটিভিটিকে কাজে লাগিয়েই বাজিমাত। সূর্যর কথায়, অনেক সময় ২০-২৫ রান বাকি থাকাকালীন আউট হয়ে খারাপ লাগে। এদিন তাই শেষ অবধি থাকার প্রত্যয় ছিল। ভারতের দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে প্রথম একাদশ হতে পারে এরকম- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষল প্যাটেল, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল।

মরিয়া ক্যারিবিয়ানরা
২০১৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ চাইবে সিরিজে সমতা ফেরাতে। আন্দ্রে রাসেল, ক্রিস গেইল, ডোয়েইন ব্র্যাভোদের অনুপস্থিতিতে রস্টন চেজ, কাইল মেয়ার্সদের পাশাপাশি ওডিন স্মিথ, ফ্যাবিয়ান অ্যালেনদের উপর নির্ভরশীল কায়রন পোলার্ডের দল। প্রথম ম্যাচের আগে বুকে আঘাত পাওয়ায় খেলানো হয়নি জেসন হোল্ডারকে। তিনি কালকের ম্যাচের জন্য ফিট হলে আকিল হোসেনের জায়গায় দলে আসতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ- কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), রস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডিন স্মিথ, রোমারিও শেফার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, শেল্ডন কটরেল।












Click it and Unblock the Notifications