Rohit Sharma: পাকিস্তানের সেরা বোলার কে? রোহিতের উত্তরে হাসি চাপতে পারলেন না স্ত্রীও
ঢাকে কাঠি পড়ে গিয়েছে বিশ্বকাপের। ১২ বছর পর ভারতের মাটিতে বসতে চলেছে আইসিসির একদিনের বিশ্বকাপের আসর। মেগা এই টুর্নামেন্টে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ভারত পাকিস্তান ম্যাচই। কিন্তু বিশ্বকাপের মহড়া হয়ে যাবে এশিয়া কাপে। এই টুর্নামেন্টেও মুখোমুখি হচ্ছে ওয়াঘার দুইপারের দুই দেশ।
আগামী ৩০ অগাস্ট শুরু হবে এশিয়া কাপ। মূলতানে পাকিস্তান বনাম নেপাল ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা হবে। তবে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ২ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ক্যান্ডিতে এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর তিনটেয়।

মেগা এই ম্যাচের ইউএসপি থাকে ভারতের ব্যাটিং এবং পাকিস্তানের বোলিং। বিগত কয়েক বছরে আইসিসির ইভেন্টে যখনই মুখোমুখি হয়েছে এই দুই দল, তখনই লড়াই হয়েছে পাক বোলিংয়ের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের। বর্তমানে পাকিস্তান দলে রয়েছে শাহীন শাহ আফ্রিদি, নাসীম শাহের মতো পেসাররা।
সম্প্রতি পাক দলের বোলিং নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। আমেরিকাতে একটি সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয় বর্তমানে পাকিস্তান দলের সেরা বোলার কে? বিতর্ক এড়াতে কিছুটা চালাকি করেই উত্তর দিলেন হিটম্যান।
হিন্দিতে রোহিত বলেন, "পাকিস্তান টিমের সবাই খুব ভালো। আমি বিশেষ কারও নাম নিতে চাই না। নাম নিলে আবার বড়সড় বিতর্ক শুরু হয়। পাকিস্তান টিমের সব পেসাররাই ভালো। কোনও একজনকে বেছে নিতে চাই না। এতে বিতর্ক তৈরি হবে।" স্বামীর উত্তর শুনে দর্শকাসনে বসে থাকা রিতিকাকে মুখ নীচু করে হাসতে দেখা যায়।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান এই ছয়দল এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত-পাকিস্তানের গ্রুপে রয়েছে নেপাল।আর গ্রুপ 'বি'-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা।

শেষ বার ২০১১ সালে দেশের মাটিতেই বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর থেকে টি টোয়েন্ট হোক বা একদিনের বিশ্বকাপ, এমনকি দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, চোকার্স তকমাই টুর্নামেন্ট থেকে প্রাপ্তি টিম ইন্ডিয়ার। তবে এবার ২০১১ সালের পুনরাবৃত্তি চাইছেন রোহিত। ঘরের মাঠে আরও এক বার কাপ জিততে চান ভারতীয় ক্রিকেটারেরা।
বিশ্বকাপ প্রসঙ্গে রোহিত বলেন, "২০০৩ সালে ভারত ফাইনাল অবধি বেশ ভালো খেলেছিলো। শচীন তেন্ডুলকর প্রচুর রান করেছিলেন। ২০০৭ সালে প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলাম আমরা। তবে ২০১১ সালের স্মৃতি আমাদের সকলের মনেই গেঁথে রয়েছে। আমি প্রতিটি ম্যাচ, প্রতিটি বল বাড়িতে বসে দেখেছিলাম। তবে তখন আমার মনে মিশ্র অনুভূতি ছিলো। দলে সুযোগ না পাওয়ার যন্ত্রণা থেকে ভেবেছিলাম দেখবো না ম্যাচ। কিন্তু ভারতের দুর্দান্ত পারফর্ম্যান্স আমায় মোহিত করেছিলো।"












Click it and Unblock the Notifications