রোহিত কী বললেন রাহুলের সহ অধিনায়কত্ব যাওয়া প্রসঙ্গে? ইন্দোর টেস্টে ভারতের একাদশ নিয়ে রাখলেন ধোঁয়াশাও
লোকেশ রাহুলের টেস্ট দলের সহ অধিনায়কত্ব খোয়ানো নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। বিষয়টিকে বড় করে দেখতে নারাজ। ইন্দোর টেস্টে প্রথম একাদশ কেমন হবে তাও খোলসা করলেন না।
কাল থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট। চার টেস্টের সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-০ ব্যবধানে। এই স্টেডিয়ামে ভারত দুটি টেস্ট খেলেছে, জিতেছে দুটিতেই। এবার জিতলেই সিরিজ পকেটে। তবে তার আগে চর্চা ভারতের একাদশ নিয়ে। লোকেশ রাহুলকে বসিয়ে শুভমান গিলকে খেলানো হয় কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

রাহুল প্রসঙ্গে মুখ খুললেন রোহিত
ইন্দোর ও আমেদাবাদ টেস্টের দলে লোকেশ রাহুলকে রাখা হলেও, সহ অধিনায়কের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। কে সহ অধিনায়ক হবেন তাও এদিন ভারত অধিনায়ক রোহিত শর্মা চূড়ান্তভাবে জানাননি। রাহুলকে সহ অধিনায়কত্ব থেকে সরানোর বিষয়টি নির্বাচকদের সিদ্ধান্ত বলে বুঝিয়ে দিলেও এটা যে বড় বিষয় নয় সেটাওএ স্পষ্ট করে দিলেন। পদ নয়, সংশ্লিষ্ট ব্যক্তির পারফরম্যান্সই যে শেষ কথা, এই তত্ত্বেই বিশ্বাসী ভারত অধিনায়ক।

পর্যাপ্ত সুযোগ
লোকেশ রাহুলের প্রসঙ্গ তোলা হলে রোহিত বলেন, আগের টেস্টের সময়ও বলেছি যখন কেউ খারাপ সময়ের মধ্যে দিয়ে যান তাঁকে নিজেকে প্রমাণের জন্য পর্যাপ্ত সময় আমরা দিয়ে থাকি। কেউ সহ অধিনায়ক থাকলেন, নাকি থাকলেন না এটার মাধ্যমে কিছু স্পষ্ট হয় না। যে সময় তাঁকে সহ অধিনায়ক করা হয়েছিল তখন তিনিই সিনিয়র ছিলেন। যদিও তাঁকে সহ অধিনায়কত্ব থেকে সরানোর মধ্যে কোনও ইঙ্গিতই নেই। গিল হোক বা রাহুল, যে কোনও ম্যাচের আগে তাঁরা যেমন প্রস্তুতি নেন এখানেও তেমনটাই নিয়েছেন।

প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা
গতকাল পাশাপাশি দুটি নেটে দীর্ঘক্ষণ ব্য়াট করেছিলেন রাহুল ও গিল। রোহিতের কথায়, আজ অপশনাল ট্রেনিং ছিল। দলের সঙ্গে যে ১৭-১৮ জন রয়েছেন তাঁদের যে কেউ একাদশে আসতে পারেন। তবে আমরা এখনও প্রথম একাদশ চূড়ান্ত করিনি। টসের সময়ই প্রথম একাদশ জানাতে আমি পছন্দ করি। শেষ মুহূর্তে কারও চোট-আঘাত লাগতেই পারে। বিষয়টি আপনাদের (উপস্থিত সাংবাদিকদের) কাছেও ইন্টারেস্টিং থাক। তবে ভারত অধিনায়ক মেনে নিয়েছেন টপ অর্ডারের রান না পাওয়ার সমস্যা কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তার কথা। রোহিত বলেন, এটা ঠিক টপ অর্ডার বড় রান পাচ্ছে না। কিন্তু সেখানে এমন ক্রিকেটাররা রয়েছেন যে একটা-দুটি ইনিংসেই তাঁরা সকলে রান ফেরার ক্ষমতা রাখেন।

সহ অধিনায়ক কে?
ভারতের সহ অধিনায়ক কে হবেন সেই বিষয়টি এখনও জানা না গেলেও উঠে আসছে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের নাম। জাদেজা প্রথম দুটি টেস্টে ম্যাচের সেরাও হয়েছেন। আবার প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী মনে করেন, দেশের মাটিতে সহ অধিনায়ক হিসেবে কারও নাম ঘোষণার দরকার নেই। অধিনায়ক বাইরে গেলে তখন কাউকে মাঠে অধিনায়কত্ব করার দায়িত্ব দেওয়া যেতেই পারে।












Click it and Unblock the Notifications