Rohit Sharma: রোহিতের ভবিষ্যৎ স্পষ্ট হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই, তুলনায় স্বস্তিতে বিরাট
Rohit Sharma: রোহিত শর্মার ক্রিকেটীয় ভবিষ্যৎ স্পষ্ট হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে তেমনই দাবি করা হলো।
নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার কথা বিসিসিআই ও নির্বাচকদের রোহিতকে জানাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই। যদিও প্রতিবেদনে উল্লেখ, রোহিতের চেয়ে তুলনামূলক স্বস্তিতে রয়েছেন বিরাট কোহলি।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই নির্বাচকরা ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু করে দেবেন। ওই বিশ্বকাপে কাকে অধিনায়ক করা হবে সেটাও চর্চার বিষয়। রোহিত সামনের এপ্রিলে ৩৮ পূর্ণ করবেন। পরবর্তী ওডিআই বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৪০।
ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিতের অগ্নিপরীক্ষা হতে চলেছে। রোহিতের ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি ২০২৭ অবধি খেলা চালিয়ে যেতে চান। ২০২৭ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও থাকবে। ফলে টেস্ট ও ওডিআই খেলা নিয়ে রোহিতের পরিকল্পনা জানতে চাইল বিসিসিআই।
রোহিত গত বছর শ্রীলঙ্কা সফরে ওডিআই খেলেছেন। সেই সিরিজে ভারতকে হারতে হয়েছিল। দেশের মাটিতে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজে শোচনীয় পরাজয় চাপে ফেলেছে রোহিতকে। রান পাচ্ছেন না। সিডনিতে শেষ টেস্টে সরে দাঁড়াতেও বাধ্য হয়েছিলেন।
বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে লেখা হয়েছে, আগের দল নির্বাচনী বৈঠকেই বিসিসিআইয়ের কর্তাদের পাশাপাশি নির্বাচকরা রোহিতের সঙ্গে কথা বলেছেন। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে বলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই। পরের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। পালবদলের প্রক্রিয়া মসৃণ থাকুক, সেটা সকলেই চাইছেন।
টেস্ট দলে পরবর্তী অধিনায়ক জসপ্রীত বুমরাহই হবেন। ইংল্যান্ড সফর থেকেই তিনি পাকাপাকিভাবে দায়িত্ব পেতে পারেন। ওডিআই দলের সহ অধিনায়ক শুভমান গিল। তাঁর সঙ্গেই অধিনায়কত্বের দৌড়ে থাকবেন হার্দিক পাণ্ডিয়া। হার্দিক এগিয়ে অভিজ্ঞতায়।
তবে বুমরাহর পাকাপাকিভাবে টেস্ট অধিনায়ক হওয়ার পথে বাধা ফিটনেস। দীর্ঘ সিরিজ বা পুরো মরশুম বুমরাহর খেলা নিয়ে অনিশ্চয়তা থাকছেই। বিশেষ করে বর্তমানে ব্যাক স্প্যাজমের কারণে যেভাবে তিনি মাঠের বাইরে। ফলে টেস্টে অধিনায়ক রোহিতের বিকল্প বেছে নেওয়া সহজ হবে না।
গিলের টেস্ট ফর্ম আহামরি নয়। ঋষভ পন্থও টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে থাকবেন। এমনকী ভবিষ্যতের জন্য তৈরি করে নেওয়া হতে পারে যশস্বী জয়সওয়ালকেও। বিরাট কোহলির টেস্টে ফর্মে ফেরার দিকে তাকিয়ে নির্বাচকরা। একদিনের আন্তর্জাতিকে বিরাটের পারফরম্যান্স নিয়ে এখনই উদ্বেগ নেই।












Click it and Unblock the Notifications