দিন-রাতের টেস্ট খেলতে মুখিয়ে রোহিতের কথায়, তিনি খেললেই ভারত সফল
দিন-রাতের টেস্ট খেলতে মুখিয়ে রোহিতের কথায়, তিনি খেললেই ভারত সফল
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ভারতের প্রথম দিন-রাতের টেস্টের আসর বসতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচ খেলার জন্য তিনি মুখিয়ে আছেন বলেই জানালেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। সোজাসাপ্টা ভাবে বললেন, টেস্টে তিনি ব্যাট হাতে সফল হলে ভারতকে রোখার ক্ষমতা বিশ্বের কোনও দলেরই নেই। আর কী কী বললেন রোহিত, তা এক নজরে দেখে নিন।

দিন-রাতের টেস্ট
ভারত অধিনায়ক বিরাট কোহলি যে দিন-রাতের টেস্ট খেলতে রাজি হয়েছেন, তা আগেই জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দলের সহ অধিনায়ক রোহিত শর্মাও যে গোলাপী টেস্ট খেলতে মুখিয়ে আছেন, তা এতদিন ছিল অজানা। সেকথা জানালেন হিটম্যান নিজেই। বললেন, ভারতীয় দলের বাকি সদস্যদের থেকে তাঁর অবস্থা একটু অন্যরকম। কারণ তিনি এর আগে দলীপ ট্রফিতে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলেছেন। ইডেন গার্ডেন্সে আবারও গোলাপী বলে ক্রিকেট খেলতে তাঁর ভালোই লাগবে বলে জানিয়েছেন রোহিত শর্মা।

তিনি খেললে দেশ সফল
ইংল্যান্ড বিশ্বকাপে পাঁচটি শতরান করে রেকর্ড গড়েছেন ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জীবনে প্রথমবার টেস্টে ওপেন করতে নেমেও দারুণ সফল হিটম্যান। ওই সিরিজে একটি দ্বিশতরান ও দুটি শতরান এসেছে রোহিতের ব্যাট থেকে। এভাবেই আগামী দিনে আরও রান করে যেতে চান হিটম্যান। অকপটে জানিয়েছেন, তিনি রান পেলে তবেই না ভারত সফল হবে।

টেস্ট খেলা সহজ নয়
সীমিত ওভারের থেকে টেস্ট ক্রিকেটে ব্যাট করা যে বেশি কঠিন, তা অকপটে স্বীকার করেছেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। বলেছেন, টেস্ট কেরিয়ারের শুরুতে তিনি প্রতিপক্ষ দলের বোলারদের সম্মান দেখাতে গিয়ে নিজের খেলাটা খেলতে ভুলে যেতেন। কিন্তু এখন তিনি আর সেই ভুল করেন না বলেই দাবি করেছেন হিটম্যান। এখন বাইশ গজে নেমে তিনি শুধু নিজের ব্যাটিং-এ মনোনিবেশ করেন। পরপর দশটি ইনিংসে রান না পেলেও টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ী খেলে যাওয়াই তাঁর দায়িত্ব বলে জানিয়েছেন রোহিত শর্মা।

শুরুতেই ওপেন নয়
রোহিত শর্মা জানিয়েছেন, ক্রিকেট কেরিয়ারের শুরুতে তিনি ছিলেন মিডিল অর্ডার ব্যাটসম্যান। এমনকী ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনি শুরুতে মিডিল অর্ডারেই ব্যাট করতে নামতেন বলেও স্মরণ করিয়েছেন হিটম্যান। কিন্তু তখন তাঁকে পুরনো হয়ে যাওয়া বলের মোকাবিলা করতে হত। সেই সময় রান করার জন্য তাঁর হাতে ওভারও কম থাকত। সে তুলনায় ইনিংস ওপেন করতে নেমে তিনি নিজেকে মেলে ধরার অনেকটা সময় পান বলে জানিয়েছেন রোহিত শর্মা।

কুসংস্কার
ইংল্যান্ড বিশ্বকাপে পাঁচটি শতরান করে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতের রোহিত শর্মা। যে মোজা পরে ব্যাট করতে নেমে তিনি ওই টুর্নামেন্টে প্রথম শতরান পেয়েছিলেন, বাকি ম্যাচগুলিতেও একই মোজা পরে বাইশ গজে নামেন হিটম্যান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে যে টি-শার্ট পরে ব্যাট করতে নেমে শতরান পেয়েছিলেন রোহিত শর্মা, সেটি পরেই বাকি টেস্টে ভারতের হয়ে ইনিংস করেন হিটম্যান। এ কথা স্বীকার করে নিয়েছেন ভারতের সহ অধিনায়ক। বলেছেন, এক্ষেত্রে তিনি কিছুটা কুসংস্কার আচ্ছন্ন।

অধিনায়কত্ব আলাদা ব্যাপার
ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না বিরাট কোহলি। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সে ব্যাপারে প্রশ্ন করা হলে হিটম্য়ান বলেন, এক ম্যাচ হোক বা একশো, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার সম্মান অন্য রকম। উল্লেখ্য রোহিতের নেতৃত্বে এশিয়া কাপ জিতেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে রোমহর্ষক নিদাহাস ট্রফির ফাইনাল জেতা ভারতীয় দলের নেতা ছিলেন রোহিত।












Click it and Unblock the Notifications