Rohit Sharma: ইংল্যান্ডে টেস্ট সিরিজে ভারতের অধিনায়ক কি বদলাচ্ছে? রোহিতের বক্তব্যে বিরাট আভাস
Rohit Sharma: আইপিএলে রোহিত শর্মা ছন্দে নেই। আইপিএল শেষ হলেই ভারত যাবে ইংল্যান্ড সফরে। জুন থেকেই শুরু পাঁচ টেস্টের সিরিজ।
রোহিত শর্মা কি ভারতের হয়ে টেস্ট খেলবেন? তিনিই কি অধিনায়ক থাকবেন? এইসব নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন হিটম্যান দিলেন বড় আভাস। মাইকেল ক্লার্কের পডকাস্টে ইন্টারভিউ দিতে গিয়ে।

রোহিত মনে করেন, ইংল্যান্ড সফরে গিয়ে ইংল্যান্ডকে হারানোর সমূহ সম্ভাবনা রয়েছে ভারতের। রোহিত বলেন, আগেরবার ইংল্যান্ড সফরে গিয়ে আমরা ২-২ করে ফেলেছিলাম (যদিও পরে সেই সিরিজ ভারত হেরে যায়)। তবে সিরিজ জেতার জন্য আমাদের দরকার জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির পুরোপুরি ফিট থাকা।
রোহিত ওই সাক্ষাৎকারে বলেন, এই দুই বোলার আইপিএল ভালোয় ভালোয় কাটিয়ে ফেলাটাই জরুরি। এটা খুব চ্যালেঞ্জিং বিষয়। আমি জানি আইপিএল ম্যাচে চার ওভার করতে হয়। কিন্তু ম্যাচের পরদিনই অন্য শহরে গিয়ে তার পরের দিনও নেমে পড়তে হয় অন্য ম্যাচ খেলতে। সারা দেশে এভাবে সফর করা কঠিন।
টেস্ট দলে যে বোলাররা থাকবেন তাঁদের সকলের ক্ষেত্রেই যাতে ফিটনেস বাধা না হয় সেটাই চাইছেন রোহিত। তিনি বলেন, আমরা যদি পুরো ফিট দল যেতে পারি, তাহলে দারুণ সিরিজ হবে। আমাদের জন্যও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। রোহিতের এই ধরনের বক্তব্যেই স্পষ্ট তিনি ইংল্যান্ডে যাবেন এবং অধিনায়কত্ব নিয়েও বার্তা পেয়ে গিয়েছেন।
সিডনি টেস্টে নিজেকে সরিয়ে নেওয়া প্রসঙ্গে রোহিত বলেন, নিজের প্রতি সৎ থেকে সিদ্ধান্ত নিই। আমার ব্যাটে বল ঠিকঠাক লাগছিল না। বাকিরা রান পাচ্ছেন না দেখে নিজেকে তাঁদের সঙ্গে রাখতে চাইনি। তাতে সমস্যা বেড়েই যেত। আমরা চাইছিলাম শুভমান গিল খেলুন। তিনি দারুণ ক্রিকেটার, আগের টেস্ট মিস করেছিলেন।
রোহিতের উপলব্ধি, বল যখন ব্যাটে লাগছে না, তখন সরে থাকাটাই সঠিক। কেন না, পরিস্থিতি বদলাতে ৫ দিন বা ১০ দিন লাগতে পারে। এরপরই রোহিত তাঁর অবস্থান জানান হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকরকে। তাঁরাও দোটানাট পড়ে যান।
বিষয়টি নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা চলে। দলের স্বার্থকে সবার উপরে রেখে, দলের কী প্রয়োজন সেটা অনুধাবন করেই রোহিত ওই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান। একইসঙ্গে রোহিত বলেন, কোনও সিদ্ধান্ত নিলে তাতে যে সব সময় সাফল্যই মিলবে তার গ্যারান্টি নেই।
রোহিত নিজের অধিনায়কত্বের দৃষ্টিভঙ্গি নিয়েও আলোকপাত করেছেন। বলেন, আমি অধিনায়ক যখন হই, প্রথম থেকেই এটা চাই যে, দলের বাকিরাও আমার মতো ভেবে দলের স্বার্থ সবার উপরে রাখুক। নিজের রানের কথা না ভেবে দলের যেটা প্রয়োজন সেই অনুযায়ী সকলকে ঝাঁপানোর পরামর্শ দেন রোহিত। তার কারণ, ক্রিকেট ব্যক্তিগত নয়, দলগত খেলা।












Click it and Unblock the Notifications