ওয়ান ডে অধিনায়কত্ব খোয়ানোর পর প্রথমবার মুখ খুললেন রোহিত শর্মা, বিশ্বকাপ জয়ে কৃতিত্ব দিলেন কাকে?
ভারতের একদিনের দলের অধিনায়কত্ব থেকে অব্যাহতির পর প্রথমবার প্রকাশ্যে মুখে খুলেছেন রোহিত শর্মা। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালের হতাশা থেকে শুরু করে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি – পরপর দুটি আইসিসি শিরোপা জয়ের এই অসাধারণ পথচলার কথা বলেছেন তিনি।
মুম্বইয়ে এক অনুষ্ঠানে রোহিত এই অভূতপূর্ব সাফল্যের জন্য প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় এবং খেলোয়াড়দের সম্মিলিত বিশ্বাসকে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, “দেখুন, আমি সেই দলটিকে ভালোবাসি, ওদের সঙ্গে খেলতে পছন্দ করি এবং এটি এমন একটি যাত্রা যা আমরা বহু বছর ধরে একসঙ্গে করেছি।”

রোহিত শর্মা আরও বলেন, “এটা এক বছর বা দুই বছরের কাজ ছিল না। এটা ছিল বহু বছরের পরিশ্রম। আমরা বারবার ট্রফি জয়ের কাছাকাছি এসেও পারছিলাম না। তখনই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের আলাদা কিছু করতে হবে।” ৩৮ বছর বয়সী অধিনায়ক জোর দিয়ে বলেছেন যে, ভারতের সাফল্য একটি মানসিকতার পরিবর্তনের ফল, যা দ্রাবিড় এবং তিনি তাদের সময় তৈরি করেছিলেন।
“এমন কিছু করার চিন্তাভাবনা থাকে, এবং তারপর সত্যিই সেটা করে দেখানো। এটা একজন বা দুজন খেলোয়াড় দ্বারা সম্ভব নয়। আমাদের দরকার ছিল যে সবাই এই চিন্তাভাবনার সঙ্গে একমত হবে, যা সবার তরফ থেকে ছিল,” রোহিত এভাবেই ব্যাখ্যা করেন।
তিনি উল্লেখ করেন, “যাঁরা সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, তাঁরা সবাই কীভাবে ম্যাচ জিততে হয় এবং কীভাবে নিজেদেরকে চ্যালেঞ্জ করতে হয় সেই চিন্তাভাবনার মধ্যে ঢুকে পড়েছিল, যাতে আমরা আত্মতুষ্ট না হই বা কোনও কিছুকে সহজভাবে না নিই। এই গুণগুলিই আমরা আনতে চেয়েছিলাম।”
রোহিতের কথায়, দলের মধ্যে ধারাবাহিকতা এবং ঐক্যই ভারতের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল। সবাই এই প্রক্রিয়াটি উপভোগ করেছিল। প্রথম ম্যাচ জেতার পর আমরা সেই ম্যাচটি পুরোপুরি ভুলে গিয়ে পরের ম্যাচের দিকে মনোযোগ দিতে শুরু করি। এটা দলের জন্য খুবই ভালো ছিল এবং রাহুল ভাই ও আমি যখন টি-২০ বিশ্বকাপ এবং তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা করছিলাম, তখন এই বিষয়টিই আমাদের সাহায্য করেছিল। আমরা এটিকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে গিয়েছি।












Click it and Unblock the Notifications