রোহিতের নজির আর অনবদ্য রাহুলে নামিবিয়া বধ ভারতের, ধোনির ভিডিও ভাইরাল
নামিবিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে সহজ জয় দিয়েই টি ২০ বিশ্বকাপ অভিযান শেষ করল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। দুবাইয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচে জয়ের জন্য ১৩৩ রানের টার্গেটে ভারত পৌঁছাল এক উইকেট হারিয়েই। রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ব্যাট থেকে এল অর্ধশতরান। ২৮ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় ভারতের। ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা।

৯.৫ ওভারে ভারতের ওপেনিং জুটি ভাঙেন ডান ফ্রাইলিঙ্ক। সাতটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৩৭ বলে ৫৬ রান করে আউট হন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপে এটি তাঁর দ্বিতীয় হাফ সেঞ্চুরি। চলতি বিশ্বকাপে তৃতীয় তথা কেরিয়ারের ১৫তম টি ২০ অর্ধশতরান পূর্ণ করে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন লোকেশ রাহুল। টি ২০ বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানও করলেন রাহুল। তবে নিজে না নেমে বিরাট কোহলি তিনে কেন সূর্যকুমার যাদবকে নামালেন তা নিয়ে চলছে চর্চা। লোকেশ রাহুল চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। ১৯ বলে ২৫ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব।
এদিন বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ৩ হাজার রানের মাইলস্টোন পেরোলেন রোহিত শর্মা। প্রথম এই কীর্তি গড়েছিলেন বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে মার্টিন গাপটিল ও রোহিত শর্মা টি ২০ আন্তর্জাতিকে তিন হাজার রান পূর্ণ করলেন। ১০৭টি ম্যাচে মার্টিন গাপটিল ৩১১৫ রান করেছেন। রোহিত শর্মা এদিন ১১৬তম টি ২০ আন্তর্জাতিক খেলতে নেমে বিরাট, গাপটিলদের নজির ছুঁয়ে ৩০৩৮ রানে এসে দাঁড়ালেন। টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলি ৯৫টি ম্যাচে করেছেন ৩২২৭ রান। বিরাটের টি ২০ আন্তর্জাতিকে অর্ধশতরানের সংখ্যা ২৯, রোহিত এদিন ২৪তম টি ২০ আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি পেলেন। টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের নিরিখে রোহিতের পর রয়েছেন অ্যারন ফিঞ্চ (২৬০৩), পল স্টার্লিং (২৫৭০), মহম্মদ হাফিজ (২৫১৩), বাবর আজম (২৪৬৮), ডেভিড ওয়ার্নার (২৪৫২), শোয়েব মালিক (২৪৩৪) ও ইয়ন মর্গ্যান (২৪২৪)। ৬৬টি ম্যাচে বাবর আজমের একটি শতরান ও ২৪টি অর্ধশতরান রয়েছে। ফলে সবচেয়ে বেশি অর্ধশতরানের নিরিখে বাবর ও রোহিত যুগ্ম দ্বিতীয় হয়ে বিরাটের পরেই রইলেন।
এরই মধ্যে ভাইরাল হয়েছে টিম ইন্ডিয়ার মেন্টর মহেন্দ্র সিং ধোনির বোলিংয়ের ভিডিও। ভারতের জার্সিতে বোলিং অনুশীলন করতে গিয়ে একবার উইকেটও ভেঙে দিলেন ধোনি। ভারত সুপার টুয়েলভের গ্রুপ ২-তে সর্বোচ্চ নেট রান রেট থাকা সত্ত্বেও বিদায় নিল। বিরাটদের নেট রান রেট দাঁড়াল ১.৭৪৭, সুপার টুয়েলভে ১২টি দলের মধ্যে একমাত্র ইংল্যান্ডের নেট রান রেট (২.৪৬৪) ভারতের চেয়ে বেশি। গ্রুপ ২ থেকে পাকিস্তান ১০ ও নিউজিল্যান্ড ৮ পয়েন্ট নিয়ে শেষ চারে গিয়েছে। পাকিস্তানের নেট রান রেট ১.৫৮৩, নিউজিল্যান্ডের ১.১৬২।












Click it and Unblock the Notifications