প্রস্তুতি ম্যাচে ব্যাট চালালেন রাহুল-মায়াঙ্ক-ঋদ্ধি, হাত ঘোরালেন উমেশ-জাদেজা-শার্দুল
প্রস্তুতি ম্যাচে ব্যাট চালালেন রাহুল-মায়াঙ্ক-ঋদ্ধি, হাত ঘোরালেন উমেশ-জাদেজা-শার্দুল
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সাউদাম্পটনে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয় ক্রিকেট দল। তারই ঝলক বারবার উঠে আসছে বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। বোর্ডের পোস্ট করা আরও এক ভিডিওতে এবার রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারাদের স্বাভাবিক ছন্দে ব্যাটিং করতে দেখা গিয়েছে। করোনা ভাইরাসকে হারিয়ে বাইশ গজে ফিরে সাবলীলভাবেই ব্যাট করেছেন ঋদ্ধিমান সাহা। অস্ত্রোপচারের ধকল সামলে ম্যাচে লম্বা ছক্কা হাঁকাতে দেখা গিয়েছে কেএল রাহুলকেও।

ম্যাচের দ্বিতীয় দিনে বিরাট কোহলি শিবিরের হয়ে বোলিং করতে দেখা গিয়েছে উমেশ যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুরদের। অধিকাংশ ক্ষেত্রেই দুর্দান্ত লাইন, লেন্থে এবং সিমে বল করতে দেখা গিয়েছে ভারতীয় বোলারদের। ফলে ব্যাটসম্যানদের সঙ্গে তাঁদের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। জাদেজাকে অনায়াসে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন রাহুল। সাবধানে ব্যাটিং করতে দেখা গিয়েছে মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মাকে। শাদুল ঠাকুরের শর্ট বলে বড় শট নিয়ে পাঠিয়ে নেটিজেনদের মন জয় করেছেন বাংলার ঋদ্ধি। প্রস্তুতি ম্যাচে বেশ ভালই বোলিং করেছেন আইপিএল ২০২১-এ সাড়া জাগানো আবেশ খানও। ম্যাচে ৯৪ বলে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ঋষভ পন্থ। ১৩৫ বলে ৮৫ রান করেছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। ম্যাচে বল হাতে সাড়া জাগিয়েছেন ইশান্ত শর্মা। ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার।
ঋষভ পন্থকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্টেপ আউট করে ছক্কা হাঁকাতে দেখা গিয়েছে। ঝড়ো অর্ধশতরান হাঁকানোর পর ব্যাট তুলে ড্রেসিং রুমের অভিবাদনও কুড়িয়েছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ম্যাচে বল হাতে গা ঘামাতে দেখা গিয়েছে মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রণ অশ্বিনকে। দুর্দান্ত দক্ষতায় তাঁদের জবাবও দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারারা। ম্যাচে বিরাট কোহলিকে বল করতেও দেখা গিয়েছে। বিসিসিআইয়ের সাম্প্রতিক পোস্ট থেকে বোঝা গিয়েছে যে এই প্রস্তুতি ম্যাচের এক শিবিরের দায়িত্বে বিরাট কোহলি, তো অন্য দলকে নেতৃত্ব দিচ্ছেন কেএল রাহুল। যদিও নির্দিষ্ট কোনও ক্রিকেটার কেবল একই দলের সদস্য হয়েই ক্ষান্ত হচ্ছেন না। দুই দলেই দেখা গিয়েছে একাধিক চেনা মুখ। মোদ্দা কথা ঘুরিয়ে ফিরিয়ে দলের প্রত্যেক ক্রিকেটারের পারফরম্যান্স ঝালিয়ে নেওয়াই ভারতীয় টিম ম্যানেজমেন্টের লক্ষ্য বলে জানানো হয়েছে।
Highlights from Day 2 of the intra-squad match simulation here in Southampton 🔥#TeamIndia pic.twitter.com/Tm6RrQ4nnd
— BCCI (@BCCI) June 13, 2021
১৮ জুন সাউদাম্পনে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। তার দুই দিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রিস্টলে টেস্ট খেলতে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল। সে উপলক্ষ্যে নিবিড় অনুশীলন চলছে মিতালি রাজ, হরমনপ্রীত কৌরদেরও।












Click it and Unblock the Notifications