আফ্রিদির থেকে ঈর্ষণীয় রেকর্ড ছিনিয়ে নিলেন রোহিত, একদিনের আন্তর্জাতিকে ছয়ের রাজা এখন হিটম্যান
রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিকে ঈর্ষণীয় রেকর্ড গড়লেন। আজ থেকে ওডিআইয়ে সর্বাধিক ছয় মারার কীর্তি হিটম্যানের দখলে।
আজ রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি হাফ সেঞ্চুরি করলেন। ফলে টানা তিনটি ওডিআইয়ে পঞ্চাশোর্ধ্ব রান এলো তাঁর ব্যাট থেকে। মার্কো জানসেনের বলে লেগ বিফোর হওয়ায় অবশ্য টানা দুটি ওডিআইয়ে শতরান পাওয়া হলো না তাঁর।

রোহিত আজ কেরিয়ারে ২৭৭তম ওডিআই খেলছেন। ২৬৯টি ইনিংসে ছয় মেরেছেন ৩৫২টি। এতদিন অবধি শাহিদ আফ্রিদি ৩৯৮টি ম্যাচে ৩৬৯ ইনিংসে মোট ৩৫১টি ছয় মেরে ওডিআইয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির নিজের দখলে রেখেছিলেন। আজ রোহিত ৫১ বলে ৫৭ রান করলেন। তাঁর ইনিংসে রয়েছে পাঁচটি চার ও তিনটি ছয়।
দ্বিতীয় ছয় মেরে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ছুঁয়ে ফেলেন রোহিত। তারপর জানসেনের বলেই ছয় হাঁকিয়ে আফ্রিদিকে পিছনে ফেলে ওডিআইয়ে সর্বাধিক ছয় মারার রেকর্ড করায়ত্ত করেন হিটম্যান। আফ্রিদি নেমে গেলেন দুইয়ে। ক্রিস গেইলের রয়েছে ৩০১টি ওডিআইয়ে ২৯৪টি ইনিংসে ৩৩১টি ছয়। এই তিনজন ছাড়া ওডিআইয়ে কারও তিনশো বা তার বেশি ছয় নেই।
আজ রাঁচিতে টস জিতে ফিল্ডিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। যশস্বী জয়সওয়াল ১৬ বলে ১৮ রান করে নান্দ্রে বার্গারের শিকার হন। ভারতের ওপেনিং জুটি ভেঙেছিল ৩.১ ওভারে ২৫ রানে। এরপর রোহিত শর্মা ও বিরাট কোহলি মিলে ১০৯ বলে ১৩৬ রানের পার্টনারশিপ গড়েন। রোহিত ওডিআই কেরিয়ারের ৬০তম অর্ধশতরান পেলেন এদিন। এই প্রতিবেদন লেখার সময় বিরাট কোহলি ৫২তম ওডিআই শতরানের দিকে এগিয়ে চলেছেন।












Click it and Unblock the Notifications