Rohit Sharma: আইসিসি ইভেন্টে ভারতের ট্রফির খরা কাটাতে বড় পরিকল্পনা, রোহিত অধিনায়ক হিসেবে কোন পরিবর্তন এনেছেন?
Rohit Sharma: আজ থেকে হায়দরাবাদে শুরু হলো ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজের প্রথম টেস্ট। প্রথম দিনেই ম্যাচের রাশে ভারতের হাতে। তবে আগ্রাসী হতে গিয়ে রোহিত শর্মা বড় রান পেলেন না।
এই টেস্ট সিরিজের পর আইপিএলে। যাতে রোহিতকে অধিনায়কত্ব করতে দেখা যাবে না। হার্দিক পাণ্ডিয়া ফিট না হলে অন্য কথা। আইপিএলের পরই টি২০ বিশ্বকাপ।

২০১৩ সালের পর থেকে ভারত আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালই হোক, কিংবা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ফাইনাল, এমনকী ২০২৩ সালে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল, ট্রফির কাছে গিয়েও শেষরক্ষা হয়নি।
আজ টেস্ট চলাকালীন জিও সিনেমায় সম্প্রচারিত এক সাক্ষাৎকারে রোহিত শর্মা মুখ খুলেছেন এই বিষয়ে। সঞ্চালক দীনেশ কার্তিকের প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক বলেন, গত তিন বছর আমরা ভালোই খেলেছি। শুধু আইসিসি ইভেন্টের ফাইনালগুলি জিততে পারিনি। বাকি সব জিতেছি। তবে আমি নিশ্চিত আমাদের সময় আসবে।
রোহিতের কথায়, আগে কী হয়েছে তা নিয়ে বেশি ভাবা বা উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই। মানসিকভাবে ভালো জায়গায় থাকাটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। অতীতের কথা ভেবে আখেরে লাভ নেই, কারণ যা হয়েছে তা বদলানো যায় না। যেটা সামনে আসছে, সেটার জন্য পরিকল্পনা করতে হবে, যা বদলানোর তা বদলাতে হবে।
দলের সকলেই নিজেদের সেরাটা দিয়ে খেলছেন বলে দাবি রোহিতের। তিনি বুঝিয়ে দিয়েছেন, দলের সকলেই সামনে যা রয়েছে তার উপরই ফোকাস স্থির রাখছেন। অধিনায়কত্বে যে অনেক ধকল, অনেক কিছু নিঙড়ে নেয় দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি, সে কথাও উঠে এসেছে রোহিতের বক্তব্যে।
ভারতীয় দলের অধিনায়কত্ব উপভোগ করছেন, গৌরবান্বিত বোধ করছেন। রোহিত জানান, যখন দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই, তখন উত্তেজিতই ছিলাম। ৭-৮ বছর ধরে কোর গ্রুপের একজন থেকেছি, সহ অধিনায়কত্বের দায়িত্ব সামলেছি, বিরাট কোহলির অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছি। দেশকে নেতৃত্ব দেওয়া বিরাট সম্মানের।
অধিনায়ক হিসেবে তিনি কী ধরনের বদল এনেছেন সেটাও স্পষ্ট করেছেন হিটম্য়ান। তিনি জানান, আমি প্রথমেই যেটা সুনিশ্চিত করেছি তা হলো ক্রিকেটাররা যাতে স্বাধীনভাবে নিজেদের মেলে ধরতে পারেন। সংখ্যা, পরিসংখ্যানকে গুরুত্ব দিই না। পরিসংখ্যান নিয়ে এ দেশে বাড়াবাড়ি করা হয়। আমি তো ২০১৯ সালের বিশ্বকাপে পাঁচটি শতরান করেছি, কিন্তু কাপ তো জিততে পারিনি।
রোহিত বুঝিয়ে দেন, কে কটা শতরান করল তার কোনও গুরুত্ব তিনি দেন না। অবসরের পর ২০ বছর বাদে পরিসংখ্যানের দিকে তাকানো যেতে পারে। রোহিত বলেন, কাপ জিততে না পারলে ৫-৬টি শতরানের কোনও দাম নেই। ক্রিকেট টিম স্পোর্ট। এ ক্ষেত্রে কাপ জেতাই শেষ কথা, ব্যক্তিগত কীর্তি বড় নয়।












Click it and Unblock the Notifications